
সরলতা আর আভিজাত্যের এই মিশ্রণে দিশা আবারও প্রমাণ করলেন, মিনিমাল সাজপোশাকেই সবাইকে ছাড়িয়ে যাওয়া সম্ভব।

পুরো পোশাকটি তৈরি করা হয়েছে সূক্ষ্ম লেস কাপড়ে, যা নিখুঁতভাবে দিশার গড়নকে ফুটিয়ে তুলেছে। করসেট-স্টাইলের ফিটেড বডিসে ছিল হালকা ভিনটেজ ছোঁয়া, যা এনে দিয়েছে রোমান্টিক আবহ। পোশাকের হেমলাইন ঘিরে থাকা স্বচ্ছ লেসের ডিটেইলস পুরো লুককে করেছে স্বপ্নিল ও এলিগ্যান্ট।

দিশার এই লুকের বিশেষত্ব হলো তার ন্যূনতম সাজসজ্জা। হালকা, নিউড টোন মেকআপে তিনি ধরে রেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য। চুল বাঁধা ছিল এলোমেলো আপডু স্টাইলে। যা একদিকে তার লুককে করে তুলেছে আরও বোল্ড, অন্যদিকে পোশাকের সূক্ষ্ম সৌন্দর্যকেও দিয়েছে প্রাধান্য। ছোট্ট ঝলমলে কানের দুল পুরো সাজে যুক্ত করেছে একটুখানি ঝলকানি।

ড্রেসটির সঙ্গে দিশা বেছে নিয়েছেন ক্ল্যাসিক বেইজ রঙের হিল। এই হিল শুধু পায়ের সৌন্দর্যকে দৃষ্টিনন্দন করেছে তা নয়, সাদা পোশাকের মিনিমাল আবহকে আরও ফুটিয়ে তুলেছে। হিলের হালকা শিন পুরো লুককে দিয়েছে একটি পালিশড ফিনিশ।

এই সাদা লেস ড্রেস একদিকে আধুনিক, অন্যদিকে ক্ল্যাসিক বা চিরকালীন। রেড কার্পেট ইভেন্ট হোক কিংবা বিশেষ কোনো সন্ধ্যা। এই সাজ পরিশীলিত গ্ল্যামারের নিখুঁত উদাহরণ। দিশা পাটানি আবারও দেখালেন। ভারী অলংকার বা জাঁকজমক নয়, সঠিক পোশাক আর আত্মবিশ্বাসই হলো ফ্যাশনের আসল শক্তি।

দিশার এই চমকপ্রদ সাদা লেস লুক নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে তাদের জন্য, যারা ফ্যাশনে খুঁজে ফেরেন সরলতার ভেতরের আভিজাত্য আর ক্ল্যাসিক সৌন্দর্য।
ছবি: দিশা পাটানি–এর ইনস্টাগ্রাম