
বলিউডের একসময়ের আবেদনময়ী ও সুপারহিট অভিনেত্রী উদিতা গোস্বামীর কথা মনে আছে? যাঁর রূপ আর উপস্থিতি একসময় দর্শককে মুগ্ধ করে রেখেছিল—আজ তিনি কোথায়, সেই প্রশ্ন এখনো অনেকের মনেই উঁকি দেয়। ১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি দেরাদুনে জন্ম নেওয়া উদিতা খুব অল্প বয়সেই গ্ল্যামার–দুনিয়ায় পা রাখেন। মাত্র ১৬ বছর বয়সে র্যাম্পে হাঁটা দিয়ে শুরু, এরপর মডেলিংকে পেশা হিসেবে বেছে নিতে দিল্লিতে পাড়ি জমান। খুব দ্রুতই সাফল্য ধরা দেয় তাঁর হাতে। ‘এমটিভি মডেল মিশন ২’-এর বিজয়ী হয়ে নজরে আসেন তিনি। এরপর নোকিয়া, পেপসি, স্টার মুভিজ, টাইটান ওয়াচের মতো বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে নিজের জায়গা পোক্ত করে নেন। ২০০৩ সালে জন আব্রাহামের নায়িকা হয়ে ‘পাপ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন উদিতা। প্রথম ছবিতেই তাঁর অভিনয় ও স্ক্রিন প্রেজেন্স দর্শকের মনে দাগ কাটে। তবে ইমরান হাশমির বিপরীতে ‘আকসার’ ছবিই তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। সে সময় ছবির গান—‘আগার তুম মিল যা–ও’ কিংবা ‘লাগি লাগি’ তখন তরুণ প্রজন্মের প্লেলিস্টে ছিল অন্যতম প্রাধান্য। পর্দায় ইমরান-উদিতার রসায়ন এবং তাঁদের সাহসী দৃশ্য নিয়ে সেই সময় কম চর্চা হয়নি। একসময় একের পর এক ছবিতে অভিনয় করে অল্প সময়েই তিনি তৈরি করেছিলেন নিজের আলাদা পরিচিতি। ২০১২ সালে ‘ডায়েরি অব আ বাটারফ্লাই’ ছবিতে শেষবারের মতো পর্দায় দেখা যায় উদিতাকে। হুট করে আবির্ভাব হয়েছিল বলিপাড়ায় আবার হুট করেই উধাও হয়ে যান উদিতা। এরপরই আচমকা বদলে যায় জীবনের মোড়। বলিউডকে বিদায় জানিয়ে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন তিনি। ব্যক্তিজীবনে মন দেন উদিতা—২০১৫ সালে কন্যাসন্তান এবং ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তবে অভিনয় ছেড়ে দিলেও থেমে থাকেননি। বরং নিজের আরেক ভালোবাসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আজ তিনি একজন সফল সেলিব্রিটি ডিজে (ডিস্ক জকি)। বহু বছর ধরেই এই কাজের প্রতি আগ্রহ ছিল তাঁর, আর বলিউড ছাড়ার পর সেই নেশাকেই পেশায় রূপ দিয়েছেন। এখন তাঁর ডিজে শোগুলোতে ভিড় জমান হাজারো মানুষ, আর সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক নিয়মিতই ভাগ করে নেন তিনি। একসময় যিনি বলিউডের পর্দা কাঁপিয়েছেন, আজ তিনি অন্য মঞ্চে সমান আত্মবিশ্বাসে আলো ছড়াচ্ছেন। গ্ল্যামারের সংজ্ঞা বদলেছে, কিন্তু উদিতা গোস্বামীর উপস্থিতি এখনো সমান আকর্ষণীয়। চলুন দেখে আসি তাঁর সাম্প্রতিক লুকগুলো...















