
অতীতে অভিনয় করা কিছু চরিত্রের কারণে চলচ্চিত্র নির্মাতাদের কেউ কেউ ধরে নিতেন,খোলামেলা দৃশ্যে অভিনয় করতে রাধিকা আপ্তে সহজেই রাজি হয়ে যাবেন। এমনকি গল্পের প্রয়োজনে সেই দৃশ্যের কোনো দরকার না থাকলেও তাঁকে এ ধরনের প্রস্তাব দেওয়া হতো বলে জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বদলাপুরেরে মতো ক্ল্যাসিক সিনেমা আর নেটফ্লিক্সের হালের ক্রেজ লাস্ট স্টোরিজের জন্য তিনি বোল্ড ইমেজ নিয়েই নিজের অবস্থা গড়েছেন কাজের ক্ষেত্রে।


অভিনয়জীবনে রাধিকা এমন কিছু সিনেমায় কাজ করেছেন, যেখানে তাঁকে বোল্ড লুকে অভিনয় করতে হয়েছে। তিনি জানান, পরবর্তী সময়ে তাঁর আগের কাজগুলোর কারণে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ মনে করতে শুরু করেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, তাঁকে কখনো স্পষ্ট কোনো কারণ ছাড়াই সহ-অভিনেতাকে চুম্বন করতে বলা হয়েছে। এমনকি সংক্ষিপ্ত অন্তর্বাস পরে একটি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে বলা হয়েছিল তাঁকে। আর এ নিয়েই তিনি প্রতিবাদী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ব্রা-আন্ডারওয়্যার পরে অ্যাকশন দৃশ্য কেন করব!


রাধিকা মনে করেন, কোনো নির্দিষ্ট বোল্ড লুক বা এক্সপোজিং পোশাক কেন প্রয়োজন, গল্পের সঙ্গে সেটির সম্পর্ক কী—নির্মাতাদের তা স্পষ্ট করে বলা উচিত। চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যযুক্ত খোলামেলা লুকের দৃশ্য করার কারণ জানতে চাইলে অনেক সময় নির্মাতাদের অস্পষ্ট উত্তর শুনে অবাকও হয়েছেন তিনি।
‘আগে করেছি বলেই আবার করতে হবে, এমন নয়’
‘জুম’-কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘শুরুর দিকে আমি এমন চার-পাঁচটি সিনেমায় কাজ করেছি, যেখানে আমাকে নগ্ন হতে হয়েছিল। পুরোপুরি নগ্ন। এরপর একবার সেখানে বসে থাকা একজন বললেন, “ইয়ে তো কর লেগি”—মানে, “ও তো এটা করে ফেলবে। তিনি বলেন, এখন তিনি আরও সচেতন। কোনো দৃশ্যে অভিনয়ের আগে নির্মাতাদের কাছে জানতে চান, সেটি কেন প্রয়োজন।


রাধিকার ভাষায়, ‘এখন আমি আরও বেশি জানতে চাই। আমি চাই, তারা আমাকে পরিষ্কার করে বলুক, এই মুহূর্তে আমাকে কেন এই খোলামেলা পোশাক পরতে হবে? কিন্তু এমন প্রশ্নেরও অনেক সময় স্পষ্ট উত্তর পাননি তিনি। এ ধরনের উত্তরকে বেশ মজার বলেও উল্লেখ করেন রাধিকা। তাঁর মতে, একজন অভিনেতার আগের কোনো বোল্ড চরিত্র বা খোলামেলা লুকের দৃশ্যে অভিনয় করার অর্থ এই নয় যে পরবর্তী সময়ে একই ধরনের দৃশ্যে অভিনয় করতেও তিনি স্বয়ংক্রিয়ভাবে রাজি থাকবেন।
সূত্র: এনডিটিভি
ছবি: ইন্সটাগ্রাম