
এই ফটোশুটে পোশাকের পাশাপাশি গয়না, চুলের সাজ, মেকআপ এবং ছবির নান্দনিকতাও আলাদা করে নজর কেড়েছে। প্রতিটি লুকেই ছিল কোমল রং, সূক্ষ্ম কারুকাজ আর আধুনিকতার ছোঁয়া।

ফটোশুটের অন্যতম আকর্ষণ প্যাস্টেল সবুজ কাতান সিল্ক বেনারসি শাড়ি। শাড়িটির কোমল রঙের সঙ্গে সারা বেছে নিয়েছেন আইভরি রঙের সাটিন সিল্ক ও অর্গানজা সিল্কের করসেট ব্লাউজ।
স্ট্র্যাপলেস নকশার এই করসেটে ছিল হার্ট-শেপের নেকলাইন ও বডি স্ট্রাকচারড কাট। একদিকে বেনারসির ঐতিহ্যবাহী বুনন ও ফুলের নকশা, অন্যদিকে আধুনিক করসেট। দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে পুরো লুকটি।

গলায় হীরের হার ও হাতে হীরের কাফ যোগ করেছে পুরোনো দিনের রাজকীয়তার আবহ। মেকআপ রাখা হয়েছে নেচারাল গ্লোয়ি। চোখে হালকা টাচআপ, পরিপাটি ভ্রু ও পিংক লিপস্টিক সব মিলিয়ে সাজটি ছিল পরিমিত অথচ নজরকাড়া।

আরেকটি লুকে সারা যেন সরাসরি রূপকথার চরিত্র। স্প্যগিডি স্ট্র্যাপের গাউনে অসংখ্য মিরর ওয়ার্ক পোশাকটিকে আয়নার মতো ঝলমলে করে তুলেছে।
এই পোশাকের সঙ্গে ভারী গয়নার বদলে সারা বেছে নিয়েছেন গলায় ছোট্ট হীরের অলংকার এবং মাথায় সূক্ষ্ম ঝিলমিলে হেডব্যান্ড। চুল টেনে পেছনে বাঁধা, ফলে মুখ ও গলার গয়না আরও স্পষ্ট হয়ে উঠেছে। সবচেয়ে সুন্দর বিষয়, এই লুকে সারার হাসিই যেন পুরো সাজের প্রধান অলংকার হয়ে উঠেছে।

এই লুকে একেবারেই অন্য রূপে দেখা গেছে সারাকে। ধূসর-আইভরি টোনের একটি বডি হাগিং ফ্লোরটাচ গাইনের ওপর তিনি পরেছেন দীর্ঘ হলুদ কেপ। কেপটি কাঁধ থেকে নেমে মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। উজ্জ্বল হলুদ রঙের সঙ্গে ভেতরের পোশাকের শান্ত রঙের বৈপরীত্য পুরো সাজে তৈরি করেছে নাটকীয়তা।
কেপের কাঁধের কাছে সূক্ষ্ম অলংকরণের কাজ রয়েছে। ভেতরের পোশাকে দেখা যাচ্ছে করসেটধর্মী গড়ন ও সূক্ষ্ম কারুকাজ। হাতে একটি গোলাপি ফুল ধরে সারার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি লুকটিকে আরও আর্কষনীয় করে তুলেছে।
এখানে গয়না বা মেকআপের বাড়াবাড়ি নেই। বরং পোশাকের রং, কেপের বিশাল আকৃতি এবং সারার স্থির অভিব্যক্তিই পুরো লুকের মূল আকর্ষণ।

এবার সারা বেছে নিয়েছেন অফ-হোয়াইট রঙের একটি দৃষ্টিনন্দন পোশাক। বডি হাগিং এই পোশাকজুড়ে রয়েছে ফুলের ত্রিমাত্রিক কাজ ও সূক্ষ্ম অলংকরণ।
তবে এই লুকের সবচেয়ে নজরকাড়া অংশ পোশাক নয়, সারার চুলের সাজ। লম্বা বিনুনির সঙ্গে সাদা পাতা ও ফুলের মতো অলংকার জুড়ে দেওয়া হয়েছে, যা মাথা থেকে নেমে প্রায় কোমর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
পেছন থেকে দেখলে মনে হয়, সাদা ফুলেল লতাই যেন তার চুলকে ঘিরে রেখেছে। সামনে থেকে দেখা যাচ্ছে কয়েকটি আলগা চুলের গোছা।
এই ফটোশুটের সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত পোশাকগুলোর বৈচিত্র্য। বেনারসি শাড়ি ও করসেটে যেমন ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, রুপালি গাউনে তেমনই রয়েছে ঝলমলে রাজকীয়তা। হলুদ কেপ এনেছে নাটকীয়তা, আর সাদা ফুলেল পোশাকটি পুরো শুটে যোগ করেছে কোমল ও রোমান্টিক আবহ।
চারটি লুকেই অবশ্য একটিই প্রধান বিষয় অতিরিক্ত সাজ নয়, বরং পোশাকের নিজস্ব সৌন্দর্যকে সামনে রাখা। কখনও বেনারসির বুনন, কখনও গাউনের ঝিলিক, কখনও কেপের রং, আবার কখনও চুলের ফুলেল অলংকার। প্রতিটি লুকেই একটি নির্দিষ্ট উপাদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে পুরো সাজ।
আর সেখানেই সারা টেন্ডুলকারের এই ভোগ ফটোশুটের ফ্যাশন বার্তা, ঐতিহ্যকে বদলে না দিয়ে, তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েও তৈরি করা যায় একেবারে নতুন গ্ল্যামার।