
ফ্যাশনপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ফিল্ম 'দ্য ডেভিল ওয়্যারস প্রাদা ২'-এর জন্য। আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে মেরিল স্ট্রিপ আর অ্যান হ্যাথাওয়ের এই কাল্ট ক্ল্যাসিকের সিকুয়েল। এবার এতে যোগ দিয়েছেন সুুঅভিনেত্রী এমিলি ব্লান্টও। সেই সঙ্গে আছে সিমোন অ্যাশলি।


আর এর মাঝেই সিনেমার দৃশ্যায়নের সময় গল্পের 'রানওয়ে' ম্যাগাজিনের জাদরেল এডিটর মিরান্ডা প্রিসলির ভূমিকায় এক চোখধাঁধানো লাল গাউনের লুকে ক্যামেরাবন্দী হয়েছেন মেরিল।
এখানে আরেক অস্কারজয়ী অভিনেতা কেনেথ ব্রেনার সঙ্গে সিনেমার কিছু দৃশ্যে অংশ নেন তিনি নিউ ইয়র্ক সিটিতে। এর আগে এই একই গাউনে সিনেমার আরেক ডাকসাইটে অভিনেতা স্ট্যানলি টুচির সঙ্গে শুট করেছেন মেরিল।


বহুল আলোচিত এই সিনেমায় তাঁর চরিত্রটি আসলে ভোগ-এর দীর্ঘকালের এডিটর ইন চিফ অ্যানা উইন্টোরকে মাথায় রেখেই সাজানো হয়েছে। ফ্যাশন দুনিয়া কাঁপানো এই নারীর ভূমিকায় মেরিল স্ট্রিপের মতো অভিনেত্রীর কোনো বিকল্প নেই। আর সিকুয়েলে ৭৬ বছর বয়সী মেরিলের এই গাউনের লুক দেখে রীতিমতো মাথা ঘুরিয়ে যাচ্ছে সবার। এখন অপেক্ষা সিনেমা রিলিজ হওয়ার। দেখা যাক মেরিল স্ট্রিপ আর কী কী ফ্যাশন তেলেসমাতি দেখান আমাদেরকে।
সূত্র: জাস্ট জ্যারেড
ছবি: ইন্সটাগ্রাম