
কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে বিশ্বের নানা দেশের তারকা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে অবশ্য হলিউডের তারকাদের দৌরাত্ম্য একটু বেশিই। তার মধ্যেও বলিউড তারকাদের উপস্থিতিতে আলোকিত হয়েছে কানের লালগালিচা। তবে আলাদা করে ভারতীয় ইনফ্লুয়েন্সারদের কথা বলতেই হবে। কানে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে আমন্ত্রণ পেয়ে ফ্রেঞ্চ রিভিয়েরাতে অবস্থান করছেন জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটররা। লালগালিচায় ফ্যাশন স্টেটমেন্ট রাখতে তাঁরাও কিন্তু কম যাননি। চলুন একনজরে ভারতীয় ইনফ্লুয়েন্সারদের কিছু মনমাতানো ফ্যাশনেবল লুক দেখে নেওয়া যাক-
‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ সিনেমার লালগালিচায় নাটকীয় ‘অল ব্ল্যাক’ আউটফিটে হাঁটেন ‘কুল মিলেনিয়াল’ খ্যাত ইনফ্লুয়েন্সার রাহি চাড্ডা। কালো প্যান্টের লম্বা ট্রেন দেওয়া কালো শিয়ার হল্টারনেক টপে তাঁকে লাগছিল সুপার স্টাইলিশ।

কারিশমা গাংওয়াল ওরফে আরজে কারিশমা বিখ্যাত মজার মজার হাস্যকর কনটেন্ট বানানোর জন্য। ‘কায়েন্ডস অব কায়েন্ডনেস’ সিনেমার প্রিমিয়ারে তাঁকে দেখা গেছে ঝলমলে সিকুইনের রুপালি লেহেঙ্গাতে। লেহেঙ্গার স্কার্টে আছে থাই-হাই স্লিট ও লম্বা ট্রেন। কারিশমাকে এমন রূপে দেখে তাঁর অনুসারীরা রীতিমতো মুগ্ধ। তাঁর এই সুন্দর লেহেঙ্গাটি ডিজাইন করেছেন অভিনব মিশ্র।

সুপরিচিত ইউটিউবার ভিরাজ ঘেলানিকে দেখা গেছে জেমস বন্ডের মতো ডেপার লুকে। কানের ড্রেসকোড মেনে তিনি পরেছেন কালো টাক্সেডো, কালো ট্রাউজার, সাদা ফরমাল শার্ট ও বো টাই।

ফ্যাশন ব্র্যান্ড মারচেসার পুঁতির কাজ করা নেভি ব্লু শিয়ার গাউন ও হীরার নেকলেস অনন্য জনপ্রিয় ইউটিউবার নীহারিকা এন এম।

বিষ্ণু কৌশল যেন ‘ম্যান ইন ব্ল্যাক’। পরেছেন কালো স্যুট ও শার্ট। তাঁর আউটফিটে নজর কেড়েছে শার্টের কলারে লাগানো এমারেল্ডের ব্রুচ।

প্রথম ভারতীয় পুরুষ বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে কানের লালগালিচায় হেঁটেছেন অংকুশ বহুগুনা। সুপার স্টাইলিশ অংকুশ এই সময়ে পরেছিলেন কালো প্যান্ট, শার্ট ও টাই। এর ওপরে চাপিয়েছেন থ্রিডি ফ্লোরাল ডিটেইলিংএর অফহোয়াইট সাটিন র্যাপ জ্যাকেট।

ফুয়াদ সারকিসের ডিজাইন করা মাস্টার্ড ইয়েলো গাউনে অপরূপা লাগছে আস্থা শাহ্কে।