
শুধু ফ্যাশন নয়, তাঁর ছবিতে রয়েছে নারীর সমান অধিকারের বার্তাও। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে জয়া পরিচয় করিয়ে দিয়েছেন ‘মীনা’ নামের এক কার্টুন চরিত্রের সঙ্গে। যিনি নিজের খামারের মুরগিগুলোর হিসাব রাখেন, প্রতিদিন সকালে তাদের সঙ্গে হাঁটতে বের হন। কিন্তু একদিন এক চোরের কারণে তাঁর হিসাব রাখতে বেশ বেগ পেতে হয়। একই সঙ্গে ভাইয়ের সমানসংখ্যক সেদ্ধ ডিম পাওয়ার অধিকার নিয়েও তিনি বেশ সচেতন। মজার ছলে বলা এই গল্পে জয়া যেন তুলে ধরেছেন নারীর ন্যায্য অধিকার আদায়ের কথাও।

জয়ার পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ শাড়ি। গাঢ় লালচে বাদামি, অলিভ ও সোনালি রঙের মিশেলে তৈরি শাড়িটিতে রয়েছে ঘন ফুলেল নকশা। শাড়ির জমিনজুড়ে নানা রঙের ছোট ছোট ফুল, আর আঁচল ও পাড়ে সোনালি কলকা নকশা। পাড়ের বেগুনি আভা শাড়ির রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ বৈপরীত্য। শাড়ির রঙের সঙ্গে সাজের সমন্বয়ে তৈরি হয়েছে সাবেকি আবহ।
তবে শাড়ির সঙ্গে ব্লাউজ বেছে নেওয়ার ক্ষেত্রে জয়া রেখেছেন একেবারেই ভিন্ন চমক। উজ্জ্বল গোলাপি রঙের স্লিভলেস হাই-নেক নিট ব্লাউজে রয়েছে আধুনিকতার ছোঁয়া। শাড়ির গাঢ় রঙের পাশে ব্লাউজের উজ্জ্বল গোলাপি রং পুরো লুককে করেছে আরও আধুনিক।

খোলা এলোমেলো চুল কাঁধ বেয়ে নেমে এসেছে। চুলের ওপরের অংশে লাল ফিতা ও হাঁস আকৃতির মেটালিক ক্লিপ মাথার দুপাশে লাগানো। একটি ছবিতে মাথার ঠিক ওপর রাখা সাদা ডিমটি পুরো ছবিতে তৈরি করেছে অন্য রকম নাটকীয়তা। দুই হাতেও দুটি ডিম ধরে রেখেছেন জয়া। অন্য ছবিগুলোর একটিতে মুরগিগুলো ফিতা দিয়ে বাধা এবং অন্যটিতে স্লেট হাতে দেখা যায় জয়া আহসানকে। সাজের এই অপ্রচলিত উপাদান ছবির গল্পের সঙ্গে দারুণভাবে মিলে গেছে।

জয়ার মেকআপেও নেই বাড়তি চাকচিক্য। চোখে গাঢ় কাজল ও আইলাইনারের ব্যবহার চোখের অভিব্যক্তিকে আরও স্পষ্ট করেছে। পরিপাটি ভ্রু, হালকা ব্লাশ এবং গোলাপি আভাযুক্ত ঠোঁটে সাজটি হয়েছে সম্পূর্ন। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও রাখা হয়েছে অক্ষুণ্ন। সব মিলিয়ে মেকআপে ভারী কোনো আয়োজন না থাকলেও ছবির চরিত্রের সঙ্গে বেশ মানিয়েছে।

ছবির পেছনের নীল-সবুজ ক্যানভাস, দুই পাশে মুরগির উপস্থিতি, ভাঙা ডিমের খোলস এবং জয়ার অভিনব ভঙ্গি। সবকিছু মিলিয়ে এটি যেন একটি শিল্পসম্মত দৃশ্য। ছবির ক্যাপশনে মীনার গল্প বলার মধ্য দিয়ে জয়া হাস্যরসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দিয়েছেন। ভাইয়ের সমান সেদ্ধ ডিম পাওয়াকে তিনি দেখিয়েছেন নারীর ন্যায্য অধিকারের প্রতীক হিসেবে।
জয়ার এই ফটোশুট তাই কেবল শাড়ি, মেকআপ আর স্টাইল স্টেটমেন্টের গল্প নয়। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে সৃজনশীল উপস্থাপনা এবং নারী-পুরুষের সমান অধিকারের বার্তা। সব মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে বেশ উপভোগ্য।