
প্রখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার কাস্টম-মেড এই শাড়িতে জাহ্নবীকে দেখা গেছে এক স্বপ্নিল আবহে। রঙের দিক থেকে সংযত হলেও নকশা ও কারুকাজে ছিল অনন্য সৌন্দর্য। পুরো শাড়িজুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি এবং স্বচ্ছ আইভরি কাপড়ের ভাজগুলো তৈরি করেছে কোমল ও রাজকীয় এক আবেদন।
শাড়িটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এর কেপ-স্টাইল আঁচল। প্রচলিত শাড়ির ধারা থেকে কিছুটা ভিন্ন এই আঁচল কাঁধ ও বাহুর ওপর দিয়ে নেমে এসেছে নাটকীয় ভঙ্গিতে। সূক্ষ্ম স্ক্যালপড লেস বর্ডার পুরো লুককে দিয়েছে রোমান্টিক ও কতুর ঘরানার ছোঁয়া।
অন্যদিকে ব্লাউজটিও ছিল সমানভাবে নজরকাড়া।

সুইটহার্ট নেকলাইন ও ক্যাপ স্লিভের এই ব্লাউজে ব্যবহার করা হয়েছে নিখুঁত রেশম সুতার কারুকাজ। ফুলেল মোটিফ ও সূক্ষ্ম সূচিশিল্প অনামিকা খান্নার সিগনেচার নকশার কথাই মনে করিয়ে দেয়। দীর্ঘদিন ধরেই তিনি ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে মিশিয়ে এক স্বতন্ত্র ডিজাইন ভাষা তৈরি করেছেন, আর জাহ্নবীর এই শাড়ি তারই সুন্দর উদাহরণ।
পোশাকটি যেখানে ছিল সংযত ও পরিশীলিত, সেখানে গয়নায় দেখা গেছে কিছুটা বৈপরীত্য। জাহ্নবী বেছে নিয়েছেন বড় আকৃতির ঝুমকা এবং আনকাট হিরা বসানো একটি স্টেটমেন্ট কড়া। এছাড়া শাড়ির ড্রেপে লাগানো অলংকৃত ব্রোচটি শুধু স্টাইল নয়, পিন হিসেবেও কাজ করেছে।
মেকআপের ক্ষেত্রেও ছিল একই ধরনের সফট গ্ল্যাম। ন্যুড-পিংক ঠোঁট, হালকা স্মোকি আইস, কোমল ব্লাশ এবং ঢেউখেলানো খোলা চুলে ধরা দিয়েছেন তিনি। লুকটি সম্পূর্ণ করেছে ছোট্ট একটি টিপ, যা পুরো সাজে যোগ করেছে ঐতিহ্যের স্পর্শ।

কয়েক দিন আগেই জাহ্নবী একটি বেগুনি ও সোনালি শাড়িতে মাধুরী দীক্ষিত-অনুপ্রাণিত লুকের জন্য প্রশংসা পেয়েছিলেন। সেই জমকালো, নস্টালজিক বলিউড গ্ল্যামারের বিপরীতে তাঁর এই নতুন আইভরি শাড়ির সাজ অনেক বেশি সফট, আধুনিক এবং মিনিমাল। দুটি ভিন্নধর্মী লুকই প্রমাণ করে, ঐতিহ্যবাহী আভিজাত্য থেকে সমকালীন কতুর, দুই ধারাতেই সমান স্বচ্ছন্দ জাহ্নবী কাপুর।

ফ্যাশনপ্রেমীদের কাছে এই আইভরি শাড়ির আবেদন শুধু এর সৌন্দর্যে নয়, বরং এর পরিমিতির মধ্যেও। জাঁকজমকের ভিড়ে কখনও কখনও নীরব সৌন্দর্যই সবচেয়ে বেশি নজর কাড়ে। জাহ্নবী কাপুরের এই লুক যেন সেই কথারই প্রমাণ।
ছবি: জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম