
মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজোর আয়োজনে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। মহা অষ্টমী ও মহানবমীর উৎসবমুখর আবহে আলিয়ার সাজে ছিল বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। তবে চেনা শাড়ি-ব্লাউজের সমন্বয়ে তিনি যোগ করেছেন রঙের এক চমৎকার বৈপরীত্য।

আলিয়ার শাড়ির মূল আকর্ষণ উজ্জ্বল ফুশিয়া বা রানি পিঙ্ক রং। সিল্কের মতো মসৃণ আভাযুক্ত শাড়িজুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জরি আর নকশার কাজ। চওড়া সোনালি গোটা-পট্টির বর্ডার শাড়িটিকে দিয়েছে উৎসবের জৌলুশ। আঁচলের ধারেও রয়েছে সোনালি কারুকাজ, যা পুরো সাজে যোগ করেছে বাড়তি মাত্রা।

শাড়িটি তিনি পরেছেন বাঙালি কায়দায়। কাঁধের ওপর সুন্দর করে সাজানো আঁচলে স্পষ্ট হয়েছে ব্লাউজের নকশা। ঐতিহ্যবাহী ড্রেপিংয়ের সঙ্গে উজ্জ্বল রঙের এই শাড়ি আলিয়ার সাজে এনেছে সাবেকি বাঙালিয়ানার আবহ।

গোলাপি শাড়ির সঙ্গে আলিয়া বেছে নিয়েছেন আকাশি নীল বা ফিরোজা-নীল ব্লাউজ। রঙের এই বৈপরীত্যই তাঁর সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক। গোল গলার ফিটিং ব্লাউজে রয়েছে ছোট পাফড স্লিভ। হাতার ওপরের দিকে হালকা ও স্বচ্ছ কাপড়ের ব্যবহার নকশায় এনেছে ক্লাসিক আবহ এবং পাফড সিলুয়েট যোগ করেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট।

ব্লাউজের পেছনেও রয়েছে সোনালি কারুকাজ। শাড়ির সোনালি বর্ডারের সঙ্গে তা সুন্দরভাবে মিলে গেছে। অন্যদিকে, আঁচলের ভেতরের দিকে নীলের সরু পাড় ব্লাউজের রঙের সঙ্গে তৈরি করেছে সামঞ্জস্য। ফলে গোলাপি ও নীলের বৈপরীত্য চোখে পড়লেও পুরো সাজে ছিল ভারসম্য ও বাঙ্গালীয়ানা।

অ্যাকসেসরিজের ক্ষেত্রে আলিয়া বেছে নিয়েছেন সোনালি রঙের গয়না। কানে ছিল নজরকাড়া ঝুমকা, সঙ্গে দুই হাতে একাধিক সোনালি চুড়ি ও মোটা বালা। আঙুলের বড় আংটি সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। ঝুমকার সঙ্গে যুক্ত কানাউথি বা কানের অলংকারও নজর কেড়েছে।

গলার অংশটি রেখেছেন গয়নাহীন। ফলে ব্লাউজের গোল গলার নকশা যেমন স্পষ্ট হয়েছে, তেমনই কানের বড় ঝুমকা ও হাতের গয়নাগুলোও পেয়েছে নিজস্ব গুরুত্ব। ভারী গয়নার ব্যবহার থাকলেও শাড়ি ও ব্লাউজের রঙের আকর্ষণ ঢাকা পড়েনি।

আলিয়ার চুল ছিল মাঝখানে সিঁথি করা, পরিপাটি করে বাঁধা খোঁপায়। খোঁপায় গোলাপি ও নীল রঙের ফুলের সাজ পোশাকের দুই রঙের সঙ্গে তৈরি করেছে সুন্দর মিল। এই ছোট্ট সংযোজন পুরো লুকে এনেছে উৎসবের আমেজ।

মেকআপেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ওপর জোর। কপালে ছোট্ট টিপ, চোখে হালকা সাজ আর ঠোঁটে মৃদু রঙ, সব মিলিয়ে সাজটি ছিল পরিমিত। উজ্জ্বল শাড়ি ও নজরকাড়া গয়নার সঙ্গে এমন মেকআপ ভারসাম্য বজায় রেখেছে।

দুর্গাপুজোর সাজ মানেই যে একই রঙের শাড়ি ও ব্লাউজ, তা নয়। আলিয়ার লুক দেখিয়ে দিল, বিপরীতধর্মী দুটি রংও সঠিকভাবে বেছে নিলে দারুণ মানিয়ে যেতে পারে। উজ্জ্বল গোলাপি শাড়ির সঙ্গে আকাশি নীল ব্লাউজ, সোনালি গয়না আর ফুলে সাজানো খোঁপা, এই সমন্বয়েই তৈরি হয়েছে তাঁর উৎসবের সাজ।