ব্ল্যাক ভেলভেট, ক্রিস্টাল আর বারগ্যান্ডি হেয়ার: প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার রাজকীয় প্রত্যাবর্তন
শেয়ার করুন
ফলো করুন

শুরু হয়ে গিয়েছে প্যারিস ফ্যাশন উইক। বিশ্বের সবচেয়ে বনেদি ফ্যাশন ইভেন্টগুলোর একটি বলে ধরা হয় এটিকে। সেখানে দাপুটে লুকে হাজির হলেন বলিউড তারকা আর গ্লোবাল ফ্যাশন আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। বুঝিয়ে দিলেন কেন তাঁকে বলা হয় ফ্যাশন কুইন। ল'রিয়াল-কন্যার নাটকীয় ভেলভেট গাউন, ক্রিস্টালে মোড়া কেপ আর নজরকাড়া বারগ্যান্ডি-হেয়ারে তাঁর এই সাজ নিয়ে ফ্যাশনপ্রেমীদের আলোচনা থামছেই না।

রাজকীয় লুক একেই বলে

কীভাবে নজরকাড়া উপস্থিতি তৈরি করতে হয়, তা ভালোই জানেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্যারিসে লরিয়াল প্যারিসের ‘লে দেফিলে’ আয়োজনে ঠিক সেটিই করলেন তিনি। আলোকিত আইফেল টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে প্লাস জফ্রে মঞ্চে হাঁটেন এই অভিনেত্রী। তাঁর সাজে একদিকে ভিনটেজ রাজকীয় আবহ, অন্যদিকে আধুনিক কতুরের ছোঁয়া।

বিজ্ঞাপন

গতকাল সোমবার, ২৮ সেপ্টেম্বরের এই আয়োজনে ঐশ্বরিয়া পরেছেন ইয়ারা শুমেকারের ২০২৬–২৭ সালের ফল-উইন্টার কতুর কালেকশনের ড্রামাটিক টু পার্ট ভেলভেট গাউন। গাঢ় সুরমা রঙের ভেলভেটের ওপরে থ্রিডি ফ্রিঞ্জ আর এমব্রয়ডারি আছে এতে। স্কাল্পচার্ড কাট আর জমকালো এমবেলিশমেন্ট মিলিয়ে এই করসেটেড ফিশটেইল গাউনটিতে দেখা যাচ্ছে যথেষ্ট নাটকীয়তা। তবে সেই ড্রামা এর নান্দনিকতাকে ছাপিয়ে যায়নি।

ভেলভেট, ফ্রিঞ্জ আর ঝলমলে ক্রিস্টাল বসানো কেপ

গাউনের ওপরে ফ্লোরটাচ ম্যাচিং কেপের সংযোজনে আউটফিটে যেমন বাড়তি স্ট্রাকচার এসেছে, তেমনি ঐশ্বরিয়ার হাঁটার সময় তৈরি হয়েছে ছন্দময় ফ্লো। ল'রিয়াল-কন্যা যখন রানওয়েতে হাঁটছিলেন, তখন কেপের ক্রিস্টালগুলো আলোয় ঝলমল করছিল। এটি ছিল ঐশ্বরিয়ার সিগনেচার ফ্যাশন মুহূর্ত। ভেলভেট এনেছে পোশাকে আভিজাত্য, ক্রিস্টাল দিয়েছে ঝলমলে ভাব আর নাটকীয় কেপ পুরো লুকে যোগ করেছে রাজকীয় ভাইব।

বিজ্ঞাপন

বারগ্যান্ডি চুলে বদলে গেল পুরো আবহ

তবে শুধু গাউনই সবার নজর কাড়েনি। ঐশ্বরিয়া এবার চুলে এনেছেন নজরকাড়া বারগান্ডি রং। কালচে পোশাকের সঙ্গে চুলের এই উজ্জ্বল লালচে রং যোগ করেছে বাড়তি আকর্ষণ। পুরো মেকওভারের সঙ্গে রংটি বেশ মানানসই হওয়ায় পুরো সাজে এসেছে আরও আধুনিক অনুভূতি।

ঐশ্বরিয়ার সাজ এখানে পরিপাটি ও গ্ল্যামারাস। কতুর গাউনের গড়ন, ঝলমলে কেপ আর অবশ্যই নতুন চুলের রঙের কথা ভেবেই খুব ওভারডু করা হয়নি। তবে রেড লিপসের চার্ম নজর এড়াচ্ছে না। ঐশ্বরিয়ার এই লুক তৈরি করেছেন মোহিত রাই, তারাং আগরওয়াল ও চিন্তন শাহ।

বিশ্বতারকাদের সঙ্গে একই রানওয়েতে ঐশ্বরিয়া

‘লে দেফিলে’র নবম আসরে অংশ নেওয়া আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া। লরিয়াল প্যারিসের বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সঙ্গে একই রানওয়েতে হাঁটেন তিনি।এই আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওনের মতো নামকরা তারকারা।

‘ওয়াক ইওর উয়োর্থ’ থিমে আয়োজিত এবারের অনুষ্ঠানে আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও নারীদের পারস্পরিক সংহতি উদ্‌যাপন করা হয়। এই সময়ের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল সঙ্গীত-কিংবদন্তি সেলিন ডিওনের সঙ্গে ঐশ্বরিয়ার পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে এমনকি মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। ব্যাকস্টেজে তারকা বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গে উষ্ণ আলিঙ্গনে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তখন ইভা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

রানওয়ের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা প্রশংসায় ভাসান ঐশ্বরিয়ার এই উপস্থিতিকে। অনেকেই তাঁকে ‘নিজেই যেন রয়্যালটি’ আর ‘একবার রানি মানে চিরকালই রানি’ বলে মন্তব্য করেন।

বিশেষ করে তাঁর নতুন চুলের রং ও রাজকীয় কতুর সাজ নজর কেড়েছে সবার। এ রাতের রানওয়েতে আন্তর্জাতিক তারকার কমতি ছিল না। তবু ভেলভেট, ক্রিস্টাল, লম্বা কেপ আর বারগ্যান্ডি চুলের সমন্বয়ে ঐশ্বরিয়ার লুকটি ছিল আলাদা করে চোখে পড়ার মতো। এ যেন সর্বোচ্চ গ্ল্যামার; তবে তাতে একেবারেই ঐশ্বরিয়াসুলভ নিজস্ব ছোঁয়া।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৩৭
বিজ্ঞাপন