
হ্যালোউইন মানেই ভৌতিক আবহ, রূপকথার চরিত্র আর সাজপোশাকে নানা রকম নিরীক্ষা। কেউ বেছে নেন ভয়ংকর কোনো চরিত্র, কেউ আবার মেতে ওঠেন রূপকথার জগতে। হ্যালোউইনের এমনই এক আয়োজনে বন্ধুদের সঙ্গে দেখা গেল বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে।

সবুজ পরির সাজে ধরা দিয়েছেন তিনি। রূপকথার গল্পের জনপ্রিয় চরিত্র টিংকারবেলের সাজই যেন নতুন করে ফুটিয়ে তুলেছেন মিথিলা। পাশাপাশি বন্ধুদের সাজেও ছিল ভিন্নতা। কারও পোশাকে রহস্যময় আবেদন, কারও সাজে শয়তানের চরিত্র, আবার কেউ বেছে নিয়েছেন গথিক ঘরানার লুক।

মিথিলার সাজে প্রথমেই নজর কাড়ে সবুজ রঙের মিনি ড্রেস। করসেটধাঁচের স্ট্র্যাপ লেস টপের সঙ্গে পরেছেন ছোট রাফল স্কার্ট। স্কার্টের পেছন থেকে নেমে এসেছে স্বচ্ছ কাপড়ের অংশ, যা সাজে যোগ করেছে পরির আবহ।


পিঠে স্বচ্ছ সবুজ ডানা আর হাতে তারার রুপালি জাদুর কাঠি—সব মিলিয়ে যেন রূপকথার টিংকারবেল। মাথার সোনালি হেডপিসও মানিয়েছে বেশ।
পায়ের সাজেও ছিল বিশেষত্ব। পরেছেন প্রজাপতি নকশার সবুজ স্ট্র্যাপি হিল। মেকআপে প্রাধান্য পেয়েছে চোখের সাজ।

শিমারি আইশ্যাডো, গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ব্যবহার তাঁর সাজে এসেছে উৎসবের ঝলমলে আবহ। সব মিলিয়ে মিথিলার এই লুকে রূপকথার পরির সাজের সঙ্গে মিশেছে হ্যালোউইনের আমেজ।


পোশাকের পাশাপাশি পেছনের সাজসজ্জাতেও ছিল হ্যালোউইনের আবহ। বিশাল সোনালি মুখোশ, কৃত্রিম মাকড়সার জাল, খুলি, মোমবাতি ও গাঢ় সবুজ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে রহস্যময় পরিবেশ।

বন্ধুদের বিচিত্র সাজ আর ব্যতিক্রমী আয়োজন মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে হ্যালোউইনের উৎসবমুখর মুহূর্ত।
ছবি: ইন্সটাগ্রাম