ঢাকায় এসে 'গুলশানের চামেলী' হয়ে আবেদন ছড়ালেন ওপার বাংলার 'পাখি'
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে অনেকেই আজও ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের জন্য মনে রেখেছেন। সেটা আজ থেকে ১০ বছর আগের কথা।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনসচেতন এই অভিনেত্রী নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যও সমান আলোচিত। এথনিক থেকে ওয়েস্টার্ন—সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্য। তবে এবার বাংলাদেশের মাটিতে প্রথম সিনেমার আনুষ্ঠানিক আয়োজনে তাঁর লাল শাড়ির লুকই কেড়ে নিয়েছে সব নজর।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’র মহরত।

বিজ্ঞাপন

এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মধুমিতা। বিশেষ এই মুহূর্ত স্মরণীয় করে তুলতেই যেন তিনি বেছে নিয়েছিলেন চিরায়ত বাঙালি সাজ। মধুমিতার পরনে ছিল টকটকে লাল শাড়ি।

শাড়ির জমিনজুড়ে ছোট ছোট স্টোন ও সিকুইনের কাজ, আর বর্ডারে বিডস ও সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকাজ লুকটিকে দিয়েছে উৎসবের আবহ। নিখুঁত ড্রেপিংয়ে ধরা পড়েছে ক্ল্যাসিক শাড়ির সৌন্দর্য, যার সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো।

শাড়ির সঙ্গে তিনি পরেছেন ভারী এমব্রয়ডারি করা স্লিভলেস ব্লাউজ। লাল ব্লাউজজুড়ে সোনালি সুতার ফ্লোরাল মোটিফ ও সিকুইনের নকশা এনে দিয়েছে রাজকীয় আবেদন। ডিপ ভি-নেকলাইন ও ফিটেড সিলুয়েট পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়।

বিজ্ঞাপন

গয়নার ক্ষেত্রেও ছিল ঐতিহ্য ও গ্ল্যামের সুন্দর ভারসাম্য। কানে বড় স্টেটমেন্ট সোনালি ঝুমকা, দুই হাতে সোনালি চুড়ি এবং ছোট্ট লাল টিপ—সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার ছাপ।

মেকআপও ছিল নজরকাড়া। ঠোঁটে ন্যুড লিপস্টিক, চোখে শিমারি আইশ্যাডো, কাজল ও ঘন আইল্যাশ মিলিয়ে তৈরি হয়েছে সফট গ্ল্যাম লুক। ব্লাশ ও হাইলাইটারের ব্যবহার মুখে এনে দিয়েছে প্রাকৃতিক উজ্জ্বলতা। চুল রাখা হয়েছিল খোলা। বড় বড় সফট ওয়েভে স্টাইল করা ঘন কালো চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে তাঁর ।

উষ্ণ আলোর ইনডোর ব্যাকড্রপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি মিলিয়ে মধুমিতার এই লাল শাড়ির উপস্থিতি ছিল অনন্য। বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর নতুন যাত্রার শুরুটাও তাই হয়ে উঠেছে স্টাইলিশ ও স্মরণীয়।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন