
হঠাৎ করেই ফ্যাশনে আবারও জোরালোভাবে ফিরে এসেছে ব্যান্ডানা। মাথায় বাঁধা এই ছোট্ট অনুষঙ্গটি এখন স্টাইলিশ লুকের গুরুত্বপূর্ণ অংশ। ক্রোশেট, স্যাটিন কিংবা সুতি—বিভিন্ন ফেব্রিকের ব্যান্ডানা পোশাকের সঙ্গে যোগ করছে নতুন মাত্রা। বিশেষ করে অবকাশযাপন ও ভ্রমণের সাজে এর ব্যবহার বেশি দেখা গেলেও পার্টি থেকে শুরু করে রেড কার্পেটেও ব্যান্ডানাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন তারকারা। ব্যান্ডানার ইতিহাস অবশ্য বেশ পুরোনো। এর শিকড় দক্ষিণ এশিয়ার ‘বন্ধনী’ নামের ঐতিহ্যবাহী বাঁধাই-রঞ্জন কৌশলের সঙ্গে জড়িত। সিল্ক ও সুতি কাপড়ে তৈরি এসব রুমাল বাণিজ্যের মাধ্যমে ইউরোপে পৌঁছানোর পর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। পরে উনিশ শতকে ইউরোপে ব্যান্ডানা তৈরির প্রচলন বাড়ে। এর নকশায় কাশ্মীরি শালের নকশার প্রভাবও দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যান্ডানা পরার ধরনেও এসেছে নানা পরিবর্তন। সত্তরের দশক থেকেই ফ্যাশনে নিয়মিত জায়গা করে নেওয়া এই অনুষঙ্গ কখনো মাথায় স্কার্ফের মতো আবার কখনো পোশাকের সঙ্গে সাজের বাড়তি অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সমকালীন ফ্যাশনে পুরোনো দিনের নান্দনিকতা নতুনভাবে ফিরে আসার প্রবণতার সঙ্গে ব্যান্ডানার জনপ্রিয়তাও বেড়েছে। সেই পুরোনো অনুষঙ্গই যেন তারকাদের হাত ধরে আবারও ফিরে এসেছে। চলুন দেখে নেওয়া যাক, কোন তারকা কীভাবে ব্যান্ডানাকে নিজের স্টাইলের অংশ করে নিয়েছেন।














