
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও আলাদা পরিচয় তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কখনো শাড়ি, কখনো গাউন; বিভিন্ন সাজে ভিন্ন আবহে ধরা দেন তিনি। এবার শরতের প্রথম দিনের স্নিগ্ধতায় সাদা পোশাকে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠলেন ভাবনা।

তাঁর সাজে একদিকে প্রকাশ পেয়েছে আভিজাত্য, অন্যদিকে প্রকৃতির সঙ্গে মিশে থাকা শান্ত, স্নিগ্ধ এক আবহ। যেন হোয়াইট সোয়ান লুকে দেখে দিয়েছেন ভাবনা। মরালীর মতোই মোহনীয় শুভ্রতা ঘিরে আছে তাঁকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিগুলোয় ভাবনা ধরা দিয়েছেন ধবধবে সাদা আনারকলিতে। এই শুভ্র পোশাকের মূল আকর্ষণ বুকের অংশের কারুকাজ। ডিপ সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস এই আনারকলির ওপরের অংশে আছে ফুলেল নকশা ও মুক্তার নিখুঁত কারুকাজ।


কোমরের নিচ থেকে পোশাকটি ছড়িয়ে নিচের দিকে প্রায় মেঝে ছুঁয়েছে। পোশাকের সঙ্গে হালকা, স্বচ্ছ সাদা ওড়নাটি স্টাইল করে জড়িয়ে নিয়েছেন ভাবনা। ওড়নার নকশাতেও পোশাকের সঙ্গে মিল রেখে কারুকাজ ফুটে উঠেছে।
শ্বেতশুভ্র সাজের সঙ্গে তাঁর মেকআপও বেশ নজরকাড়া। হানি ব্রাউন হাইলাইট করা চুল খোলা রেখেছেন ভাবনা। চোখে গাঢ় কাজল, সুসজ্জিত ভ্রু, গালে পিচ-গোলাপি আভার ব্লাশ অন আর ঠোঁটে রোজ-ব্রাউন লিপস্টিকে সেজেছেন সুন্দরী।


সাজে বাড়তি চাকচিক্য না এনে বেছে নিয়েছেন মিনিমাল জুয়েলারি। কানে ঝুলছে স্টেটমেন্ট মুক্তার দুল, নাকে হীরার নাকফুল আর হাতে শোভা পাচ্ছে আংটি।
ছবিগুলোর আবহও যেন ভাবনার সাজেরই অংশ। চারপাশে সবুজ গাছপালা, ঘাসে ঢাকা ছাদবাগান আর মেঘলা আকাশ—সব মিলিয়ে তৈরি হয়েছে স্নিগ্ধ এক পরিবেশ। ভাবনা তাঁর শখের ছাদবাগানেই ধরা দিয়েছেন ছবিগুলোয়।


কখনো সিঁড়িতে বসে, কখনো সবুজের মধ্যে দাঁড়িয়ে, আবার কোথাও ক্যামেরার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। সাদা পোশাক আর চারপাশের সবুজের বৈপরীত্যে প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তাঁর শুভ্র উপস্থিতি।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভাবনা লিখেছেন, 'এক টুকরো সাদা মেঘ আর এক চিলতে আমি'। একটি কবিতাও দিয়েছেন ছবিগুলোর সঙ্গে।
‘ভাবনা ভুলিয়া আমি
যাতনা ভুলিয়া আমি
ছিল যাহা ভুবনে দামি
ওগো তোমায় সঁপিয়া থামি।’