
‘সে আকাশের দিকে তাকিয়েছিল, ঠিক যেভাবে কবিতা নীরবতার দিকে তাকায়,’—নিজের নতুন ছবিগুলোর ক্যাপশনে এমনই একটি কাব্যিক পঙ্ক্তি লিখেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সেই একটি বাক্য যেন তাঁর পুরো ফটোশুটের আবহকেই ধারণ করে।


কোথাও কোনো বাড়াবাড়ি নেই, নেই রঙের চাকচিক্য; আছে নরম আলো আর সবুজে ঘেরা প্রকৃতি। বরাবরই আধুনিক ও পাশ্চাত্য ঘরানার পোশাকে নজর কাড়েন স্নিগ্ধা। দীর্ঘাঙ্গী এই সুন্দরীর ব্যক্তিত্বে যেমন আছে একধরনের ওয়েস্টার্ন এলিগ্যান্স, তেমনি এবার সেই পরিচিত আবেদন ধরা দিয়েছে একেবারে শাড়ির সাজে।


সম্প্রতি অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন ইএফ ক্রিয়েশনসের একটি নীল শাড়িতে। শাড়িটির পাড়জুড়ে সূক্ষ্ম ফুলেল নকশা পুরো লুকে এনে দিয়েছে আলাদা সৌন্দর্য।

শান্ত নীল রং যেন চারপাশের সবুজ প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেছে। এর সঙ্গে জুটি হয়েছে গোলাপি রঙের স্লিভলেস ব্লাউজ। গভীর ব্যাককাট নকশার এই ব্লাউজ পুরো সাজে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। নীল আর গোলাপির মেলবন্ধন চোখে আরাম দেয়, একই সঙ্গে পুরো লুককে করে তুলেছে আরও প্রাণবন্ত।
সাজেও ছিল মিনিমাল টাচ। ন্যাচারাল মেকআপে নিজের স্বাভাবিক সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন স্নিগ্ধা।

চোখে হালকা কাজল, ঠোঁটে ন্যুড লিপ কালারে সেজেছেন। খোঁপায় গোঁজা সাদা কাঠগোলাপ ফুল এনে দিয়েছে এক রোমান্টিক আবহ। কপালের ছোট্ট কালো টিপ আর দুই হাতে কাচের চুড়ি ঐতিহ্যবাহী শাড়ির আবেদনকে আরও ফুটিয়ে তুলেছে। ভারী গয়নার বদলে তিনি বেছে নিয়েছেন একেবারেই মিনিমাল স্টাইলিং; কোনো গয়নাই পরেননি। তবে এই ফটোশুটের আরেকটি বড় আকর্ষণ এর লোকেশন ও পরিবেশ। সবুজ গাছপালা, মেঘলা আকাশ আর প্রাকৃতিক আলো—সব মিলিয়ে প্রতিটি ফ্রেম যেন শান্তির একেকটি ক্যানভাস।
ছবি: ইন্সটাগ্রাম