
'মহারাজা তোমায় সেলাম'। আজ ২ মে। বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের মহারাজা সত্যজিৎ রায়ের জন্মদিন। পথের পাঁচালী থেকে অপুর সংসার আর মহানগর থেকে অরণ্যের দিন-রাত্রি। কালজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমার লেন্সে আর ফ্রেমে নারীরূপ ধরা দিয়েছে বিচিত্র সব লুকে। সেকেলে বলা যাবেইনা এই কিংবদন্তী নির্মাতার নারী চরিত্রগুলোকে। অপুর পথ চেয়ে অভিমানে ঠোঙা ফাটানো অপরূপা কাজল চোখের মেয়ে অপর্ণার মাঝে আজও নিজের প্রেয়সীকে খুঁজে পেতে চায় প্রেমিক পুরুষ। এই মেট্রোপলিটন নগরীতে মহানগর সিনেমার চাকরিজীবী আর সংসারপ্রেমী আরতিরা আমাদের মাঝেই আছে। সব হারিয়েও সবকিছু জয় করে নেওয়া সর্বজয়ার সাদামাটা অথচ দৃঢ় মাতৃরুপে মায়েরা যুগে যুগে এভাবেই ফিরে আসেন। খেয়ালের বশে অথবা নিজের কৌতুহলী নারীসত্ত্বাকে বশ মানাতে না পেরে অনুভূতির টানা-পোড়েনের মাঝে পড়ে যান অপর্ণার মতো নারীরা এখনও। ঠিক অরণ্যের দিন-রাত্রি সিনেমার মতো। কাপুরুষ অমিতাভের প্রতি প্রত্যাখ্যান ছুড়ে দেওয়া শক্তিময়ী নারী করুণাদের মনে সেই প্রেমিকপ্রবরের জন্য করুণা ছাড়া আর কিছু থাকে না। গৃহবধূ চারুলতার অনন্য সৌন্দর্য আর অদম্য আকর্ষণে মুগ্ধ হয় স্বামী আর বন্ধু অমল দুজনেই। কিন্তু প্রেমিককে পায়না সে কারও মাঝেই। এমন তো হয়ই , তাইনা? আর এসকল আইকনিক নারী চরিত্রের লুক তৈরি করেছেন সত্যজিৎ রায় পরম যত্নে। ছোট ছোট ডিটেইলের দিকে নজর রাখতেন তিনি চরিত্রায়ণের সময়। সাজ, পোশাক, অনুষঙ্গ আর হেয়ারস্টাইলে তাই কালজয়ী বলা যায় তাঁর সৃষ্ট স্মরণীয় নারী চরিত্রগুলোকে। ইন্সটাগ্রাম থেকে পাওয়া বিভিন্ন ছবিতে তবে দেখে আসি চলুন সত্যজিতের নারীদেরকে।

















