
মুম্বাইয়ে ‘দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার সাজে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন উজ্জ্বল হলুদ তোরানি শাড়ি। শাড়িজুড়ে ছিল রঙিন ফুল ও পেইসলি-অনুপ্রাণিত নকশা, সঙ্গে একই রঙের অফ-শোল্ডার ব্লাউজ।

তামান্নার এই সাজের বিশেষত্ব শুধু শাড়ির রঙে নয়। বরং ঐতিহ্যবাহী একটি পোশাককে কীভাবে ব্লাউজ, গয়না ও মেকআপের মাধ্যমে সমসাময়িক করে তোলা যায়, সেটিই এখানে মূল আকর্ষণ। প্রচলিত ছোট হাতার ব্লাউজের বদলে অফ-শোল্ডার কাট বেছে নেওয়ায় পুরো শাড়ির লুকই বদলে গিয়েছে।

শাড়ি বদলানোর প্রয়োজন নেই, অনেক সময় শুধু ব্লাউজ বদলালেই পুরো সাজের ধরন পাল্টে যায়। তামান্নার লুকেও সেই কৌশলই দেখা গেছে। ঐতিহ্যবাহী মোটিফের হলুদ শাড়ির সঙ্গে আধুনিক অফ-শোল্ডার ব্লাউজ তৈরি করেছে দৃশ্যমান বৈপরীত্য। ফলে সাজটি উৎসবের উপযোগী থেকেও একেবারে গতানুগতিক নয়।
উৎসবের শাড়ির সঙ্গে একই ধরনের প্রচলিত ব্লাউজ বেছে নেওয়ার বদলে স্ট্রাকচার্ড, অফ-শোল্ডার বা একটু ভিন্ন কাটের ব্লাউজ ব্যবহার করাও হতে পারে সহজ স্টাইলিং কৌশল।

শাড়ির উজ্জ্বল রঙের সঙ্গে তমন্না বেছে নিয়েছেন নজরকাড়া গয়না। কানে স্টেটমেন্ট ইয়াররিং, হাতে একাধিক চুড়ি ও ব্রেসলেট সঙ্গে আংটি। সব মিলিয়ে গয়নায় এসেছে স্তর ও বৈচিত্র্য। প্রতিবেদনে তাঁর গয়নার সঙ্গে সুনীতা শেখাওয়াত ও মহেশ নোটানদাসের নাম উল্লেখ করা হয়েছে।
তবে গলায় কোনো ভারী হার না থাকায় সাজটি আরও ভারসাম্যপূর্ণ হয়েছে। বিশেষ করে অফ-শোল্ডার ব্লাউজের খোলা নেকলাইনটিকে আলাদা করে ফুটিয়ে তুলতে কানের গয়নাকেই দেওয়া হয়েছে গুরুত্ব।

হলুদ বরাবরই উৎসবের পোশাকে উজ্জ্বল। তামান্নার শাড়িতে সেই রঙের সঙ্গে মিশেছে নানা রঙের ফুল ও পেইসলি মোটিফ। ফলে পোশাকটি একই সঙ্গে প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী হয়ে উঠেছে। পুরো হলুদ পরতে অস্বস্তি হলে মাস্টার্ড, ম্যারিগোল্ড বা গোল্ডেন ইয়েলোর মতো শেডও বেছে নেওয়া যেতে পারে।

পোশাক ও গয়নায় জমকালো আবহ থাকলেও তামান্না চুল ও মেকআপ রেখেছেন অনেকটাই মিনিমাল। ভলিউম খোলা চুল, উজ্জ্বল মেকআপ ও ছোট্ট লাল টিপ পুরো সাজে এনেছে স্বাচ্ছন্দ। ফলে গয়না ও পোশাকের বাড়তি জেল্লার মধ্যেও লুকটি ওভার ডু মনে হয়নি।

সব মিলিয়ে তামান্না ভাটিয়ার এই লুক দেখায়, উৎসবের পোশাকে আধুনিকতা আনতে সবকিছু বদলে ফেলার দরকার নেই। একটি পরিচিত শাড়ি, একটু অন্যরকম ব্লাউজ আর পরিকল্পিত গয়নার ব্যবহারই যথেষ্ট। ঐতিহ্য থাকবে, তবে তার উপস্থাপনা হতে পারে ট্রেন্ডি।