লম্বা চুল ছেঁটে নতুন লুকে হলান্ড
শেয়ার করুন
ফলো করুন

নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগেই চমকে দিলেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হলান্ড। নিজের চেনা লম্বা স্বর্ণালি চুল বা ব্লন্ড হেয়ার কেটে একেবারে ছোট করে ফেলেছেন ২৬ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। নতুন লুক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেক ভক্তের কাছেই তাঁর এই পরিবর্তন বেশ আকস্মিক। আবার অনেকে মেনেই নিতে পারছেন না বিষয়টি ।

লম্বা, ঘন স্বর্ণালি চুল এত দিন হলান্ডের চেহারার অন্যতম পরিচিত বৈশিষ্ট্য ছিল। মাঠে গোল করার পাশাপাশি এই স্বতন্ত্র চুলের স্টাইলও তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে নতুন মৌসুমের প্রথম ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে সেই চেনা স্টাইল থেকে বেরিয়ে এলেন তিনি। বিদায় জানালেন বিখ্যাত লম্বা চুলকে, যা এত দিন ভক্তদেরও বেশ পছন্দের ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন হেয়ারকাটের ভিডিও ও ছবি প্রকাশ করেন হলান্ড। ভিডিওতে দেখা যায়, বড় চুল কেটে ধাপে ধাপে একেবারে ছোট করে ফেলেছেন তিনি।

নতুন হেয়ারকাটটি বেশ ছাঁটা ও পরিপাটি—লনের  ট্রিম করা ঘাসের মতো। লম্বা চুলের বদলে এবার মাথার সঙ্গে মানানসই ছোট কাটে দেখা যাচ্ছে তাঁকে। ফলে ম্যাচের সময় চুল পেছনে বেঁধে রাখারও আর প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

নিজের নতুন লুক নিয়ে ইনস্টাগ্রামে হলান্ড লিখেছেন, ‘শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার’ এবং ‘নিউ সিজন, নিউ ট্রিম’।

হলান্ডের এই পরিবর্তন অবশ্য পুরোপুরি অপরিচিত নয়। ম্যানচেস্টার সিটিতে আসার আগের সময়, নরওয়ের মোলদে ফুটবল ক্লাবে ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে ছোট চুলেই দেখা গেছে। তাই নতুন হেয়ারকাটকে তাঁর পুরোনো লুকেরই আধুনিক সংস্করণ বলা যায়। নতুন লুকটি  নিজের ইউটিউব চ্যানেলের জন্যও ধারণ করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকেও এসেছে প্রশংসা- ‘নাইস’।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১: ০৭
বিজ্ঞাপন