মা হওয়ার পর লন্ডনের রাস্তায় ক্যাটরিনার নজরকাড়া স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

মা হওয়ার পর গত মাসেই আম্বানিদের গণেশপূজার অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর তাঁর শরীর ও ত্বকের পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে। তবে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিবর্তন কথা বলেছেন অভিনেত্রী। এই সময়ে দেখতে কেমন লাগছে, তার চেয়ে নিজের মধ্যে কেমন অনুভব করছেন, সেটিকেই বেশি গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী ব্র্যান্ড কে বিউটির যুক্তরাজ্য যাত্রার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সুইডিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড টোটেমের পোশাকে সেদিন দেখা যায় তাঁকে।

বিজ্ঞাপন

ক্যাটরিনার এই লুকের ছবিগুলো কে বিউটির অফিশিয়াল পেজে শেয়ার করা হয়েছে। সেখান থেকেই জানা যায়, ব্র্যান্ডটির এই বিশেষ আয়োজনেই এই লুকে ফ্রেমে ধরা দিয়েছেন তিনি।

লুকের মূল আকর্ষণ হালকা বাদামি রঙের স্কার্টটি। এর নকশায় রয়েছে ধুতির আদল। কাপড়ের ভাঁজ ও ড্রেপিংয়ের কারণে স্কার্টের নিচের অংশে তৈরি হয়েছে বাড়তি ঘের, যা সাধারণ স্কার্টের চেয়ে একে করেছে আলাদা।

এর সঙ্গে গাঢ় বাদামি রঙের সিঙ্গেল-ব্রেস্টেড টেইলরড ফ্ল্যানেল ব্লেজার পরেছেন তিনি। ব্লেজারটির সঙ্গে রয়েছে আলাদা করে যুক্ত করার মতো স্কার্ফ। ভেতরে পরেছেন স্লিপ টপ।

বিজ্ঞাপন

পায়ে পরতে বেছে নিয়েছেন মিলানভিত্তিক ব্র্যান্ড প্যারিস টেক্সাসের বাদামি বুট। চোখে শোভা পাচ্ছে বড় আকারের কালো অ্যাভিয়েটর স্টাইলের সানগ্লাস আর নিয়েছেন কালো ব্যাগ। পোশাকের সঙ্গে মানানসই এসব অনুষঙ্গ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়।

মেকআপে স্বাভাবিক সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন ক্যাটরিনা। গালে হালকা ব্লাশ, ঠোঁটে ন্যুড পিংক লিপকালার । কোমর পর্যন্ত নেমে আসা খোলা চুলে রেখেছেন হালকা ঢেউ। জমকালো সাজ কিংবা অতিরিক্ত অনুষঙ্গ ছাড়াই এভাবে পুরো লুকে এনেছেন আভিজাত্য।

পশ্চিমা দেশগুলোতে শুরু হয়েছে শীতের প্রস্তুতি। সেই আবহে ক্যাটরিনার এই সাজ হতে পারে শীতের পোশাক বাছাইয়ের অনুপ্রেরণা। একই রঙের বিভিন্ন শেড মিলিয়ে পোশাক পরার ক্ষেত্রে কাপড়ের ধরন, কাট ও অনুষঙ্গের দিকে খেয়াল রাখা জরুরি। ক্যাটরিনার লুকে ধুতির আদলের স্কার্টটি সেই কাজই করেছে।

স্কার্টের ড্রেপিংকে আরও গুরুত্ব দিতে চাইলে বুটের বদলে উঁচু হিলের জুতা বেছে নেওয়া যেতে পারে। কানে একাধিক কাফ ও দুল পরলেও মিনিমাল সাজে যোগ হবে একটু সাহসী আবহ।

মা হওয়ার পর ক্যাটরিনা নিজের সৌন্দর্য ও সুস্থতা নিয়ে যেমন নতুন করে ভাবছেন, তেমনি পোশাকের নির্বাচনেও ধরে রেখেছেন নিজস্ব রুচি। ভিকি কৌশলের সঙ্গে কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি হোক কিংবা লন্ডনে এককভাবে হাজির হওয়া—তাঁকে ঘিরে আগ্রহের কমতি নেই।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৩: ১৪
বিজ্ঞাপন