
মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংয়ের মা-বাবা।
মন্দিরে যাওয়ার সময় পুরো পরিবারের উপস্থিতিই নজর কেড়েছে। আর এই শুভ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
এদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের ঝলমলে কুর্তা-সেট। মাথায় সাদা ফুলের গাজরা রণবীর সিং পরেছিলেন বেগুনি কুর্তার সঙ্গে সাদা পায়জামা। দুজনের পোশাকেই ছিল উৎসবের আবহ।

তবে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে এসময়ের ছড়িয়ে পড়া ভিডিওতে রণবীরের দৌড়ে এসে দীপিকার হাত ধরা আর সেভাবেই তাঁকে আগলে নিয়ে যাওয়া মন্দিরের ভেতরে। রণবীর সিং স্বামী হিসেবে সবগুলো গ্রিন ফ্ল্যাগই বহন করেন বলে সকলে মত দেন। এই ভিডিওতেও তারই জোরালো সমর্থন মিলছে।
সম্প্রতি নিজেদের গর্ভাবস্থার ফটোশুটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দীপিকা ও রণবীর। তাঁদের ঘোষণার পর পেরিয়ে যাওয়া সময়ের হিসাব অনুযায়ী, দ্বিতীয় সন্তানের জন্মের সময়ও ঘনিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
দীপিকা-রণবীরের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি পুরোনো স্মৃতিও। দুই বছর আগে, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরও এই দম্পতিকে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল। মজার বিষয় হলো, এর ঠিক দুই দিন পর, ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। ফলে এবারের মন্দিরে যাওয়া ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই তারকা দম্পতির সাম্প্রতিক মন্দির সফরের ছবিগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে।
সূত্র: এনডিটিভি
ছবি: ইন্সটাগ্রাম রিলসের স্ক্রিনশট