বদলে যাওয়া স্টাইলের বিলাসবহুল লুকে টেইলর সুইফটের ইরাস ট্যুরের নতুন অধ্যায়
শেয়ার করুন
ফলো করুন

আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়া কাঁপিয়ে টেইলর সুইফট তাঁর গানের ক্যারাভান নিয়ে হাজির ভালোবাসার শহর প্যারিসে। এরই মধ্য দিয়ে শুরু হয়েছে টেইলরের ঐতিহাসিক ইরাস ট্যুরের ইউরোপ পর্ব। তবে নতুন কনসার্ট আগের থেকে বেশ ভিন্ন। টেইলর গানের সেটলিস্টে বেশ কিছু পরিবর্তন এনেছে। সেই সঙ্গে পরিবর্তন এসেছে তাঁর স্টাইলেও।

৯ মে প্যারিসের লা দিফোঁসা অ্যারেনাতে অনুষ্ঠিত হয়েছে ইরাস ট্যুরের ইউরোপ পর্বের প্রথম কনসার্ট। এর আগে একটা ছোট বিরতিতে ছিলেন টেইলর। বিরতির মধ্যেই প্রকাশিত হয় তাঁর বহুল প্রতীক্ষিত অ্যালবাম 'দ্যা টর্চার পোয়েটস ডিপার্টমেন্ট'। মুক্তির প্রথম দিন থেকেই নতুন সব রেকর্ডের জন্ম দিয়েছে অ্যালবামটি। এই নিয়ে সুইফটিদের উন্মাদনা পারদ চরমে উঠেছে। গানের কথা ও এর পিছনের ইতিহাস নিয়ে চলছে বিস্তর গবেষণা। তাই তো ইরাস ট্যুর কনসার্টের সেটলিস্টে পুরোনো গান বাদ দিয়ে নতুন 'দ্যা টর্চার পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় কিছু গান যোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

সেটলিস্টে যোগ হওয়া নতুন গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, 'ফোর্টনাইট', 'বাট ড্যাডি, আই লাভ হিম', 'হু'জ অ্যাফ্রেড অব লিটল ওল্ড মি', 'আই ক্যান ডু ইট উইথ ব্রোকেন হার্ট'। সঙ্গে বোনাস দুইটি গানও আছে। একটি নতুন অ্যালবামের 'এলওএমএল'। অন্যটি ' মিডনাইটস' অ্যালবামের মিষ্টি গান 'প্যারিস'। প্যারিসের সম্মানার্থেই মূলত সেটলিস্টে এই গানটি যোগ করেছেন টেইলর।

নতুন কনসার্টে নতুন গানের মতো টেইলরকে নতুন দুইটি লুকে দেখা গেছে। একটিতে তিনি পরেন লাল টকটকে ক্রিস্টাল বডিস্যুট ও ডাবল-ব্রেস্টেড ক্রিস্টাল ব্লেজার। এই দুইটি পোশাক এসেছে ভারসাচের এক্সক্লুসিভ আতলিয়ে কালেকশন থেকে।

বিজ্ঞাপন

অন্য লুকে টেইলরকে দেখা গিয়েছে তাঁর নতুন অ্যালবামের থিমের গাউনে। কোরসেটেড বডিস যুক্ত সাদা টাফেটা গাউনের নিচে আছে অপ্রতিসম ড্রেপের স্কার্ট। স্কার্টের বিভিন্ন অংশে 'দ্যা টর্চার পোয়েটস ডিপার্টমেন্ট'-এর বেশ কয়েকটি গান ইটালিক ফন্টে প্রিন্ট করা। এমন কাব্যিক গাউনটি টেইলরের জন্য বানিয়েছে কিংবদন্তি ফ্যাশন ব্র্যান্ড ভিভিয়েন ওয়েস্টউড। গাউনের ওপরে তিনি পরেছেন মিলিটারি স্টাইলের ম্যাচিং ট্রেঞ্চ কোট। এর সঙ্গে টেইলর পরেছেন ব্র্যান্ডটির সিগনেচার তিন সারির অর্ব চোকার। পায়ে ভিক্টোরিয়ান যুগ প্রাণিত সাদা লেস-আপ বুট।

ইরাস ট্যুরের নতুন সেটলিস্ট ও স্টাইল সুইফটিদের উন্মাদনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। টেইলরের এই ইউরোপ পর্ব চলবে প্রায় তিন মাস। ধারণা করা হচ্ছে এই অধ্যায় ইরাস ট্যুর টিকিট বিক্রিতে এক অন্যমাত্রা যোগ করবে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ মে ২০২৪, ১৫: ৩৩
বিজ্ঞাপন