
পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত নাম ওয়ামিকা গাবি। ২০০৭ সালে ছোট এক দৃশ্যে দেখা যায়, তাঁকে জনপ্রিয় হিন্দি ছবি ‘জাব উই মেট’–এ। এরপর ২০১৩ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে ‘তু মেরা ২২, ম্যায় তেরা ২২’ নামের পাঞ্জাবি ছবি দিয়েই লাইমলাইটে আসেন এই পাঞ্জাবি অভিনেত্রী।
এরপর তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন ওয়ামিকা। এরপর এ বছর ২০২৩ সালের এপ্রিল মাসে আমাজন সিরিজ ‘জুবিলি’তে ৪০–৫০ দশকের উঠতি নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয় খুব।
তারপর এখন বলিউডের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার ‘খুফিয়া’য় চার্লি চোপড়ার ভূমিকায় নিজেকে ছাড়িয়ে গেলেন ওয়ামিকা। এখন ‘জাওয়ান’খ্যাত অ্যাটলি পরিচালিত ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কাস্ট করা হয়েছে তাঁকে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, এ যাত্রা তাঁর জন্য খুব কঠিন হয়েছে। আর এর বড় এক কারণ হলো, সব সময় শারীরিক গড়ন নিয়ে চাপের মধ্যে থাকা আর এ নিয়ে বিস্তর কথা শোনা।
ওয়ামিকার উচ্চতা খুব বেশি নয়। আবার শরীরের গড়ন খুব ধারালো নয়। জিরো ফিগারের পেছনে ছুটে চলা এ যুগের সমালোচকেরা তাই ওয়ামিকার জীবন দুর্বিষহ করে তুলেছেন এতগুলো বছর ধরে—বললেন তিনি।
আত্মবিশ্বাস ভেঙে পড়ছিল তাঁর এ কারণে। ‘জুবিলি’তে অভিনয় করার সময় থেমে তিনি এসব মানসিক স্ট্রেস কাটিয়ে ওঠেন। আর নিজের সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠেন।