
গানের জগতের টেইলর সুইফটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছুই নেই এখন। সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে চলেছেন তিনি নিজের প্রতিভা, পরিশ্রম আর বুদ্ধিদীপ্ত বিপণন স্ট্র্যাটেজির বদৌলতে। তাঁর ইরাস ট্যুর আর গানের অ্যালবামগুলোর আয় দিয়েই এবারে টেইলর উঠে এলেন ফোর্বসের সদ্য প্রকাশিত শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকায়। আর এ তালিকায় এই প্রথম কোনো সংগীতশিল্পী তাঁর গান দিয়ে আয় করা ঐশ্বর্যের জোরে অন্তর্ভুক্ত হলেন।

টেইলর সুইফটের প্রভাব শুধু তাঁর ব্যক্তিগত ধনসম্পত্তিই বাড়ায়নি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১.১ বিলিয়ন ধনরাশির মালিক এই তরুণ পপ রাজকুমারী। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে বিলিয়নার হন এই ৩৪ বছর বয়সী সংগীত তারকা। শুধু কনসার্ট নয়, এর ওপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
তালিকার শীর্ষে খুব বেশি চমক নেই আসলে। ফোর্বসের সেরা ২০০ বিলিয়নিয়ারদের মধ্যে ২৩৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে প্রথম স্থানে আছেন সপরিবার বার্না আর্নো।

এরপর রয়েছেন ইলন মাস্ক, জেফ বেজোস, মার্কা জাকারবার্গ, ল্যারি এলিসন, ওয়ারেন বাফে আর বিল গেটস। নবম স্থানে ১১৬ বিলিয়ন ডলারের রিলায়েন্স সাম্রাজ্য নিয়ে বিরাজমান ভারতের আলোচিত ধনকুবের মুকেশ আম্বানি।
ছবি: ইন্সটাগ্রাম ও উইকিপিডিয়া