
তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তাঁরা। ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, একজন যোগ দিলেন ব্যাংকের চাকরিতে, আরেকজন বিক্রি করবেন গাড়ি।

আসলে অভিনয় ছেড়ে দিয়ে নয়, বরং নায়িকা রূপের পাশাপাশি দুটি নতুন প্রফেশনাল রোলে দেখা যাচ্ছে এই দুই অভিনেত্রীকে।
প্রথমেই চমক দিয়েছেন ও আলোচনায় এসেছেন তমা মির্জা। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, 'জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তার আগে বলে রাখি -অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি ,থাকবো এবং সামনে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিবো ইনশাআল্লাহ।'
তমার বয়ানে, 'এবার বলি নতুন অভিজ্ঞতার কথা। অভিনয় জীবনের বাইরে একটি নতুন পরিচয় সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংক-এর ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট-এ যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করে যাব। আপনাদের ভালোবাসা আর দোয়ায় রাখবেন সবসময়ের মতোই।'
এরপরই এল সামিরা খান মাহির নতুন ইনিশিয়েটিভ শুরু করার ঘোষণা। তাঁর ফেসবুক পোস্ট বলছে, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আনুষ্ঠানিকভাবে স্পিড টাচ অটোস-এর ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এটি আমার জন্য একেবারেই নতুন একটি যাত্রা। এই নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি সত্যিই এক্সাইটেড এবং আমার ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে এই গ্রোইং জার্নিতে অবদান রাখতে চাই।'


তিনি আরো যোগ করে বলেন, স্পিড টাচ অটোস-এর মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য এবং প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। নতুন শুরু, নতুন স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার এক দারুণ পথচলা—লেট দ্য জার্নি বিগিন।
অভিনয়শিল্পীদের বিভিন্ন ব্যবসা ও পেশায় আসা আসলে নতুন নয়। প্রায় সময় দেখা যায় তাঁরা বিউটি বা ফ্যাশন ইন্ডাস্টিতেই যুক্ত হন অভিনয়ের পাশাপাশি।

দেশের দুজন জনপ্রিয় অভিনেত্রী কিছুটা প্রথার বাইরের দুটি আলাদা পেশায় নিজেদের জার্নি শুরু করা ইতিবাচকই বটে। তাঁদের জন্য রইল শুভকামনা।
ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক।