
নিজের প্রতিভা, পরিশ্রম আর বুদ্ধিদীপ্ত বিপণন কৌশল দিয়ে সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় পপ সংগীতশিল্পী টেইলর সুইফট। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকারা পর্যন্ত তাঁর অসাধারণ প্রতিভা ও ব্যক্তিত্বে মুগ্ধ। এই তালিকায় নতুন আরেকজনের নাম যোগ হয়েছে। তিনি হলেন ভারতের অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

সম্প্রতি দক্ষিণ এশিয়ার কমিউনিটির জন্য প্রতিষ্ঠিত এথনিক রেডিও স্টেশন কানেক্ট এফ এম কানাডার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন দ্য মোজার্ট অব মাদ্রাজ খ্যাত এ আর রহমান। সেখানে তাঁর কাছে টেইলর সম্পর্কে অনেক কথা বলেন তিনি। বলা যায় রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
এ আর রহমান বলেন, ‘টেইলর সুইফট মিউজিশিয়ানদের জন্য অনুপ্রেরণা এবং খুব ভালো কেস স্টাডি। তাঁর সাফল্য আমার খুবই ভালো লেগেছে। এই সময় এ আর রহমান ভবিষ্যতে তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছেন।’

কী ধরনের গান হতে পারে, এই প্রশ্নের জবাবে এ আর রহমান বলেন, তিনি যা চান, যদি তিনি নাচের গান চান, তবে একটি নাচের গান হবে। যদি রোমান্টিক গান চান, তবে সেটাই হোক। যেটাই হোক না কেন, গান তিনিই লিখবেন।

যদি সত্যিই টেইলর ও এ আর রহমান একসঙ্গে কাজ করেন, তাহলে সেটা হবে পপ কালচারের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা। এ আর রহমানের ইন্টারভিউটি নিয়ে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। বর্তমান দুনিয়ার দুই মেধাবী সংগীতশিল্পীর সম্ভাব্য কোলাবেরেশনের খবরে উচ্ছ্বসিত বিশ্বের সংগীতপ্রেমীরা।