
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার স্বামী রণবীর সিং ও মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে নতুন মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে নজর কেড়েছে তাঁদের পারিবারিক মুহূর্তের ছবিগুলো।


চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান, মেয়ে দুয়ার জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।
নতুন ফটোশুটে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবারের অন্তরঙ্গ মুহূর্তগুলোই বেশি গুরুত্ব পেয়েছে। ছবিগুলোতে দীপিকা, রণবীর ও দুয়াকে দেখা গেছে বেশ স্বাভাবিক ও ঘরোয়া আবহে।

ফটোশুটের সব ছবিই সাদাকালো। সাধারণ ধূসর ব্যাকগ্রাউন্ডের সামনে পরিবারের সদস্যদের পরনে সাদা, ক্রিম ও ডেনিমের আরামদায়ক পোশাক। সব মিলিয়ে ছবিগুলোতে সাদামাটা অথচ নান্দনিক আবহ।
দীপিকার প্রথম মাতৃত্বকালীন ফটোশুটের তুলনায় এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক হলো মেয়ে দুয়ার উপস্থিতি। ছবিগুলোতে মেয়েকে কোলে নিয়ে কখনো হাসতে, কখনো তাকে জড়িয়ে ধরতে দেখা গেছে দীপিকা ও রণবীরকে।
একটি ছবিতে দীপিকা লেস টুপিসে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দিয়েছেন। অন্য ছবিগুলোতে রণবীর ও দীপিকার সঙ্গে দুয়ার খুনসুটি ও হাসির মুহূর্ত ধরা পড়েছে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া হয়েছে আবেগঘন ক্যাপশন; 'বেবি দুয়া আর আমাদের হৃদয় আরও বড় হয়ে উঠছে।’ নতুন অতিথির আগমনের অপেক্ষায় পরিবারের ভালোবাসা যেন এই ছবিগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বর্তমানে দীপিকা তাঁর গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন এবং শিগগিরই সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে।

এদিকে স্ত্রীকে সময় দিতে নিজের ব্যস্ত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন রণবীর সিং—এমনটাই জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন। জানা গেছে, তাঁর পরবর্তী সিনেমা প্রলয়–এর শুটিংয়ের স্থান অস্ট্রেলিয়া থেকে মুম্বাইয়ে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন রণবীর। দীপার গর্ভাবস্থার শেষ পর্যায়ে যেন তাঁকে দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে যেতে না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন অতিথিকে ঘিরে এরই মধ্যে আনন্দের অপেক্ষায় দীপিকা-রণবীরের পরিবার। আর সেই অপেক্ষারই কিছু ভালোবাসাময় মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা ভক্তদের সঙ্গে।
সূত্র: এনডিটিভি
ছবি: রণবীর সিংয়ের ইন্সটাগ্রাম