প্রীতম-শেহতাজের বিয়েতে চাঁদের হাট
শেয়ার করুন
ফলো করুন

চা–বাগানে ঘেরা শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে মালাবদল করেছেন সংগীত পরিচালক প্রীতম হাসান আর মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ঘনিষ্ঠ তারকা বন্ধুদের নিয়ে শেষ হয়েছে বিয়ের সব কটি পর্ব। বর-কনের পাশাপাশি উপস্থিত তারকারা নজর কেড়েছেন তাঁদের অনবদ্য সাজ ও পোশাকে।

সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, সুনেরাহ বিনতে কামাল, জেফার, হৃদি শেখ, নুহাশ হুমায়ূন—সবার পোশাকেই ছিল সাদা ও অন্যান্য কোমল রঙের ছটা।

বিজ্ঞাপন

সাদা মসলিনের ফ্লোরাল প্রিন্ট ও এমব্রয়ডারি করা লেহেঙ্গায় সাফা কবির সেজেছিলেন রাজসিক লুকে। টপজুড়ে ছিল হালকা গোলাপি, জলপাই, লাল ও সবুজ রঙের ভারী এমব্রয়ডারি। আর লেহেঙ্গার মতো স্কার্টের পুরো অংশে ছোট ছোট ফুলেল ছাপা। ফ্রিল দেওয়া ওড়নাটি পোশাকে যোগ করেছে বাড়তি আকর্ষণ। হালকা রঙের পোশাকের সঙ্গে কুন্দন ও মুক্তার চোকার আর দুলে সাফা ছড়িয়েছেন মুগ্ধতা।

স্নিগ্ধ সাজে বরাবরের মতোই সাবলীল সুনেরাহ। সাদার পাশপাশি তাঁর লেহেঙ্গাতে ছিল কয়েকটি রঙের ব্যবহার। হালকা গোলাপি, হলুদ, প্যাস্টেল সবুজ, আকাশি ও পিচ রঙের মিশেলে ডিজাইন করা হয়েছে লেহেঙ্গার নিচের অংশ। ব্রালেট কাটিংয়ের স্ট্র্যাপি টপ ও স্কার্টে ছিল ভারী মিরর ওয়ার্ক। সাদা রঙের ওড়না ডিজাইন করা হয়েছে ছোট ছোট ডলারের কাজ ও সিকুইনে। গয়না হিসেবে তিনি পরেছিলেন শুধু রুপা ও মুক্তার বড় দুল আর হাতে কয়েকটি চুড়ি।

বিজ্ঞাপন

সাদা, নীল আর গোলাপির মিশেলে ডিজাইন করা কো-অর্ড সেট পরেছিলেন মুমতাহিনা চৌধুরী টয়া। তাঁর আধুনিক ঘরানার পোশাকজুড়ে ছিল নীল রঙের চুমকি ও এমব্রয়ডারির নকশা। ভারী নকশার পোশাকের সঙ্গে গোলাপি ওড়নাটি সাদামাটা ডিজাইনের। পোশাকের পাশাপাশি সাজে প্রকৃতির আবহ রাখতে টয়া করেছেন ন্যাচারাল মেকআপ। আর পরেছেন কেবল ইয়ার রিং।

জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ বেছে নেন হালকা সবুজ ও গোলাপির মিশেলে ডিজাইন করা লেহেঙ্গা। ওয়ান সাইডেড শোল্ডার টপে বিশেষত্ব এনেছে গোলাপি চওড়া ফ্রিল। টপে ভারী কারচুপি ও মুক্তার কাজ। সিকুইনের ভারী কাজ করা লেহেঙ্গায় তাঁকে বেশ গ্ল্যামারাস দেখা গেছে। পোশাকের সঙ্গে হৃদি পরেছেন ভারী দুল ও টিকলি। তাঁর সাজও ছিল বেশ জমকালো।

পুরোনো বন্ধু শেহতাজের বিয়েতে গায়িকা জেফার পরেন ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের লেহেঙ্গা। ব্রালেট কাটিংয়ের টপে ছিল এমব্রয়ডারি ও মুক্তার কাজ। আর ল্যাভেন্ডার স্কার্টজুড়ে সোনালি ফুল ছাপা। প্যাস্টেল শেডের ওড়নায় ছিল জমকালো ডলার ওয়ার্ক ও সিকুইনের কাজ। এলিগ্যান্ট লুকে বেশ আলাদা লেগেছে জেফারকে।

নুহাশ হুমায়ূন এই বিয়েতে পরেছিলেন সাদা সুতি পাঞ্জাবি। কোনো কারুকাজ ছাড়া শুধু নীল রঙের ডটেড ডিজাইন করা হয়েছে নুহাশের সাধারণ পাঞ্জাবিতে। তবে খুব সাদামাটা লুকেও দারুণ স্টাইলিশ লেগেছে এই নির্মাতাকে।

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৫: ২৫
বিজ্ঞাপন