শুক্রবারেই শুভ কাজ সারছেন টেইলর সুইফট, দেখুন এ পর্যন্ত কী কী জানা গেল
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বজুড়ে বহুদিন জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে কালই অর্থাৎ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। জাঁকজমকপূর্ণ এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পপ রাজকুমারী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি শুক্রবার, ৩ জুলাই, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

যদিও এই তারকা জুটি এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি। তবু অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভেন্যুর সাজসজ্জা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন  টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। আর শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) ব্যবহারের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বিজ্ঞাপন

হারপার বাজার–এর এক প্রতিবেদনে সম্ভাব্য আয়োজনের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) নিউইয়র্কের ইনফোসিস থিয়েটারে একটি ব্যক্তিগত রিহার্সাল ডিনারের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

পপ রাজকুমারী আর আমেরিকান ফুটবলের রাজপুত্রের বিয়ে যে রাজকীয় হবে সেটাই স্বাভাবিক
পপ রাজকুমারী আর আমেরিকান ফুটবলের রাজপুত্রের বিয়ে যে রাজকীয় হবে সেটাই স্বাভাবিক

পরদিন শুক্রবার অতিথিরা বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করবেন। বিকেল ৪টায় থাকবে ককটেল আওয়ার, সাড়ে ৫টায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অ্যারেনা ফ্লোরে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। আর সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হবে রিসেপশন। তবে এই সময়সূচি নিয়ে টেইলর সুইফট বা ট্র্যাভিস কেলসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ আসেনি।

বিয়ের জন্য ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সাজানো হয়েছে রূপকথার আদলে। কৃত্রিম বাগান, বিশাল মিরর বল, বিশেষ আলোকসজ্জা ও বিলাসবহুল সাজসজ্জা এই আয়োজনকে আরও রাজকীয় করে তুলেছে।

জোর প্রস্তুতি নিচ্ছেন এই জুটি বিয়ের জন্য
জোর প্রস্তুতি নিচ্ছেন এই জুটি বিয়ের জন্য

অতিথিদের জন্য নির্ধারণ করা হয়েছে ব্ল্যাক টাই ড্রেস কোড। অনেক সূত্র বলছে নারী অতিথীদের দেখা যাবে কালো গাউনে। আর পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে ক্লাসিক টাক্সেডো, কালো বো টাই ও স্ট্রাইপ ট্রাউজার।

বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফটের সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার, ফলে তাঁর বিয়েও হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও জাঁকজমকপূর্ণ সেলিব্রিটি আয়োজনগুলোর একটি। বিভিন্ন প্রতিবেদনের হিসাব অনুযায়ী, সম্ভাব্য এই আয়োজনের ব্যয় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

বিয়ের খরচ ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে
বিয়ের খরচ ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে

তবে সব প্রস্তুতি শেষ হলেও টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি কিংবা তাঁদের প্রতিনিধিরা এখনও বিয়ের সময়, স্থান বা আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে শুক্রবার সত্যিই তাঁদের বিয়ে হবে, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে নতুন কোনো চমক—সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮: ৪৬
বিজ্ঞাপন