রজনীকান্ত যেভাবে ৭২ বছর বয়সেও ফিট থাকেন
শেয়ার করুন
ফলো করুন

দক্ষিণ ভারতের কিংবদন্তিসম অভিনেতা রজনীকান্ত। দুই বছর পর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘জেলার’। আর এই নিয়ে পুরো ভারতে চলছে তোলপাড় অবস্থা। দক্ষিণ ভারতে কিছু অফিস ও কোম্পানি এই সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছে। এদিকে মুক্তির প্রথম দিনই ‘জেলার’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে। এ সবকিছুর পেছনে রজনীকান্তের অবদান অনেক বেশি। তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা ও আগ্রহের শেষ নেই। ৭২ বছর বয়সে এসেও এমন সুপারহিট সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সবার একই প্রশ্ন—এই বয়সেও তিনি কীভাবে নিজের এই ছিপছিপে গড়ন বজায় রেখে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে শুটিং করে যাচ্ছেন?

প্রতিভার পাশাপাশি রজনীকান্তের সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো শৃঙ্খলাবদ্ধ জীবনধারা। তিনি তাঁর বয়স ও ওজন মেনে একটি রুটিন তৈরি করে নিয়েছেন, যা অক্ষরে অক্ষরে তিনি পালন করেন।

বিজ্ঞাপন

ঘুম

শরীর সুস্থ রাখতে ঘুমের কোনো বিকল্প নেই। একজন মানুষের গড়ে সাত থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত। রজনীকান্ত যতই ব্যস্ত থাকুন না কেন রাতের ঘুম নিয়ে তিনি কোনো আপস করেন না।

জগিং

দেরি করে ঘুম থেকে ওঠার কোনো অভ্যাস নেই এই দক্ষিণি সুপারস্টারের। তিনি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেন। এরপর হালকা কিছু খেয়েই বেরিয়ে পড়েন প্রাতর্ভ্রমণে। রোজ এক ঘণ্টা জগিং করেন। এটা তাঁর ফিটনেস বজায় রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

জিম

শরীর সুস্থ রাখতে ব্যায়ামের গুরুত্ব অনেক। ব্যায়ামের জন্য জিমে যেতে পছন্দ করেন রজনীকান্ত। সপ্তাহে অন্তত পাঁচ দিন তাঁকে এখানে দেখা যায়। তবে ৭২ বছর বয়সে যেকোনো ব্যায়াম শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই রজনীকান্ত নিজের বয়স, ওজন ও উচ্চতার নিরিখেই বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ব্যায়াম ও স্ট্রেংথ ট্রেনিং করেন।

সাঁতার

সাঁতার হলো সবচেয়ে উত্তম শরীরচর্চা। এই কথা বেশ ভালোভাবেই জানেন রজনীকান্ত। শরীর সুস্থ ও ঝরঝরে রাখতে রোজ সাঁতার কাটেন তিনি। এমনকি শুটিং থাকলেও এর রুটিনের কোনো তারতম্য হয় না। শুটিংয়ের আগে তাঁর সাঁতার কাটা চাই।

যোগব্যায়াম ও ধ্যান

যোগব্যায়াম ও ধ্যান শরীর, মন এবং আত্মাকে ভারসাম্য ও শক্তিশালী করতে সাহায্য করে। যেকোনো বয়সে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়াম ও ধ্যান বেশ কার্যকর। রজনীকান্ত তাঁর শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বজায় রাখার জন্য যোগব্যায়াম ও ধ্যান করেন।

স্বাস্থ্যকর খাদ্যতালিকা

প্রথম দিকে রজনীকান্ত আমিষাশী ছিলেন। মাছ-মাংস খেতে খুব পছন্দ করতেন। কিন্তু ২০১৪ সালে শরীরের সুস্থতার কথা চিন্তা করে এগুলো খাদ্যতালিকা থেকে বাদ দেন। বর্তমানে এই সুপারস্টার একদম নিরামিষাশী। তাঁর খাদ্যতালিকায় আছে শাকসবজি, তাজা ফলমূল, বাদাম ও নানা ধরনের শস্য। রজনীকান্ত চিনি ও ফাস্টফুড বা চর্বিযুক্ত খাবারের ধারেকাছে যান না। কিছু সূত্র থেকে জানা যায়, স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য তিনি দুধ, দই, ঘি এড়িয়ে চলেন। রজনীকান্ত ঘরের তৈরি খাবার বেশি পছন্দ করেন। বাইরের রেস্টুরেন্টের খাবার তিনি একদমই খেতে চান না।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন