টেইলর সুইফটের নামে নতুন পোকাদের নাম
শেয়ার করুন
ফলো করুন

এই পপ তারকার জীবনে সম্মানের তালিকা কম দীর্ঘ নয়। গ্র্যামি, রেকর্ড, পুরস্কার, অসংখ্য ভক্ত—তালিকায় এবার যুক্ত হলো আরও অদ্ভুত এক পরিচয়। টেইলর সুইফট এখন একটি নতুন পোকার গোত্রের নামও।

অস্ট্রেলিয়ার গাছপালার আড়ালে এত দিন নিজেদের মতো করে বেঁচে ছিল ছোট্ট এই কীটগুলো। বিজ্ঞানীদের কাছে তারা ছিল অচেনা। আর তাদের আবিষ্কারের পর নামকরণে এসে যেন মিশে গেল পপ কালচার ও প্রকৃতিবিজ্ঞান।

বিজ্ঞাপন

নামেই যখন ‘সুইফটি’!

চার প্রজাতির নামেই আছে সুইফটি
চার প্রজাতির নামেই আছে সুইফটি

নতুন এই পোকাগুলোর গোত্রের নাম দেওয়া হয়েছে সুইফটিফাইলাস। নামটির প্রথম অংশ এসেছে ‘সুইফটি’ থেকে—টেলর সুইফটের ভক্তদের পরিচিত নাম। আর দ্বিতীয় অংশ ‘ফাইলাস’ ব্যবহার করা হয়েছে এ ধরনের পোকার বৈজ্ঞানিক নামকরণের প্রচলিত ধারা অনুসরণ করে।

এই গোত্রের চারটি প্রজাতির নামেও রয়েছে টেইলর-ছোঁয়া। সুইফটিফাইলাস টেইলরে নামটি সরাসরি টেলরের নাম থেকে। আর বাকি তিনটি—সুইফটিফাইলাস আমাটর, সুইফটিফাইলাস ইনট্রেপিডাস ও সুইফটিফাইলাস পোয়েটোরাম—এসেছে তাঁর অ্যালবাম ‘লাভার’, ‘ফিয়ারলেস’ এবং ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর নামের লাতিন রূপ থেকে।

টেইলরের অ্যালবামের মতোই ছোট্ট এই পোকাগুলোরও এখন আছে আলাদা এক ‘এরা’। এদের নামেই যার মধ্যে লুকিয়ে আছে পপ তারকার উপস্থিতি।

বিজ্ঞাপন

টেইলরের লুকেই অনুপ্রেরণা

পোকাগুলোর চেহারার সঙ্গে নাকি মিল আছে টেলরের
পোকাগুলোর চেহারার সঙ্গে নাকি মিল আছে টেলরের

নামকরণের গল্পটি শুধু টেলরের গানের প্রতি ভালোবাসা থেকে নয়। পোকাগুলোর চেহারাতেও গবেষক সারাহ শ্রোডার খুঁজে পেয়েছেন টেইলর সুইফটের পরিচিত স্টাইলের ছাপ।

হালকা হলুদাভ শরীরের ওপর লালচে-কমলা দাগ। শ্রোডারের চোখে যা মনে করিয়ে দেয় টেলরের স্বর্ণালি চুল আর লাল ঠোঁটের কথা। তাই গবেষণাপত্রে তিনি পোকাগুলোকে মজা করে ‘ব্লন্ড’ বলেও উল্লেখ করেছেন।

রঙের এই মিল অবশ্য শুধু সৌন্দর্যের ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার শি-ওকগাছের ফুলের সঙ্গে মিশে থাকতে এই রং পোকাগুলোকে ছদ্মবেশ নিতেও সাহায্য করে। নতুন প্রজাতিগুলো মূলত এসব গাছ ও গুল্মের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত।

দুই দশক ধরে অপেক্ষায় ছিল তারা

চার প্রজাতি
চার প্রজাতি

মজার বিষয় হলো, পোকাগুলোকে এখন আবিষ্কার করা হলেও তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল অনেক আগেই। ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় জীববৈচিত্র্য নিয়ে গবেষণার সময় এসব নমুনা সংগ্রহ করেছিলেন মার্কিন ও অস্ট্রেলীয় গবেষকেরা।

সেই বিশাল সংগ্রহের ৫৯৩টি নমুনা পরে সারাহ শ্রোডারের গবেষণার অংশ হয়। ২০২২ সালে পিএইচডি গবেষণা শুরু করে তিনি নমুনাগুলোর শারীরিক বৈশিষ্ট্য ও ডিএনএ বিশ্লেষণ করেন। তাতেই বেরিয়ে আসে ১২টি আগে অজানা প্রজাতির তথ্য। এর মধ্যে চারটি প্রজাতিকে রাখা হয় নতুন গোত্র ‘সুইফটিফাইলাস’-এর অধীনে।
অর্থাৎ যেসব পোকা দুই দশকের বেশি সময় ধরে গবেষণাগারের সংগ্রহে অপেক্ষা করছিল, তাদের নতুন পরিচয় মিলল টেইলর সুইফটের নামের সঙ্গে।

পোকা থেকে সংরক্ষণের গল্প

নামকরণের পেছনে অবশ্য নিছক ভক্তির গল্প নেই। সারাহ শ্রোডার নিজে দীর্ঘদিনের ‘সুইফটি’। তাঁর আশা, টেইলর সুইফটের মতো পরিচিত একটি নামের সঙ্গে নতুন প্রজাতিগুলোর পরিচয় যুক্ত হলে মানুষ পোকামাকড়ের বৈচিত্র্য ও সংরক্ষণের বিষয়েও আগ্রহী হবে।

কারণ, পৃথিবীর অসংখ্য কীটপতঙ্গ এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। কোনো প্রজাতির অস্তিত্বই যদি জানা না থাকে, তাহলে তাকে সংরক্ষণ করাও সম্ভব নয়—গবেষণার মূল বার্তাটি সেখানেই।

সুইফটিফাইলাস গোত্রের পোকাগুলো ‘মিরিডি’ পরিবারের সদস্য। সত্যিকারের পোকা বা ‘ট্রু বাগ’-এর সবচেয়ে বড় পরিবারগুলোর একটি এটি; বিশ্বজুড়ে এই পরিবারের ১১ হাজারের বেশি লিপিবদ্ধ প্রজাতি রয়েছে। নতুন প্রজাতিগুলো মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকর বলে জানা যায়নি।

টেইলরের নতুন ‘ইনসেক্ট এরা’

শুরু হল ইনসেক্ট এরা
শুরু হল ইনসেক্ট এরা

টেইলর সুইফটের ফ্যাশন, সংগীত কিংবা পপ কালচার—সবকিছুতেই যেন নতুন নতুন ‘এরা’ তৈরি হয়। এবার সেই তালিকায় যোগ হলো প্রকৃতির এক অদ্ভুত অধ্যায়। সেটাকে কীট–অধ্যায় বলাই যায়।

অস্ট্রেলিয়ার শি-ওকগাছের পাতার আড়ালে থাকা ছোট্ট হলুদ-লাল পোকাগুলো হয়তো কোনো রেড কার্পেটে হাঁটবে না, কোনো মিউজিক ভিডিওতেও দেখা যাবে না। কিন্তু তাদের নাম এখন পৌঁছে গেছে বিশ্বের সবচেয়ে পরিচিত পপ তারকাদের একজনের সঙ্গে।

বিজ্ঞানের ভাষায় তারা সুইফটিফাইলাস। আর পপ সংস্কৃতির ভাষায়? টেলর সুইফটের নাম জড়িয়ে থাকা এই পোকাগুলো যেন প্রকৃতির পাতায় লেখা তাঁর নতুন এক ‘এরা’।

ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৪
বিজ্ঞাপন