সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ—মুনজারিন অবনী
শেয়ার করুন
ফলো করুন

মা হওয়া মানে হচ্ছে সন্তানের জন্য সব ত্যাগ স্বীকার করে নেওয়া। ত্যাগ স্বীকার করতে না পারলে মা হওয়া যায় না। নিজের সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে অবনী বলেন, ‘আমার সঙ্গে মায়ের সম্পর্কের জায়গাটা ছিল খুব স্বচ্ছ। সবকিছুই তিনি জানেন। কোনো লুকোচুরি নেই। অনেক ক্ষেত্রে আমাদের মতে অমিল হয়েছে, কিন্তু দ্বিমত পোষণেও ছিল পারস্পরিক শ্রদ্ধাবোধ।

‘আমার মাতৃত্বের যাত্রাটা অনেক বেশি সহজ হয়েছে, কারণ আমার মা–বাবা সব সময় আমার সঙ্গে ছিলেন। আমি মিডিয়াতে আছি, কর্পোরেটে কাজ করছি। তাঁরা না থাকলে সেটা সম্ভব হতো না। আমি একজন সিঙ্গেল মা। আর আমাদের দেশে এই পথ খুব সহজ নয়। এখানেও আমার মায়ের সহযোগিতা আমার পথটা সহজ করেছে।

বিজ্ঞাপন

‘যেসব মা চাকরি করেন বা কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাঁদের প্রতি একটি অভিযোগ প্রায়ই করা হয়, তাঁরা সন্তানদের সময় দেন না। অভিযোগটি আসলে পুরোপুরি ঠিক নয়। আমি বিশ্বাস করি, সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ কোয়ানটিটি অব টাইমের চেয়ে। আর এখনকার শিশুরা অনেক কিছু নিয়ে নিজেরাই ব্যস্ত থাকে। স্কুল, এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিস—এসব নিয়ে তাদের ব্যস্ততার শেষ নেই।

‘একজন মায়ের জন্য সন্তানের সঙ্গে সব স্মৃতিই সুন্দর ও আনন্দের। তবে যখন আমরা দুজন বাইরে যাই, সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার মতো সেও স্বাস্থ্যসচেতন। স্বাস্থ্যসম্মত খাবার তার পছন্দ। ইয়োগা শিখছে। আমার একটা প্রভাব তার ওপর আছে, সেটা আমার ভালো লাগছে।’

বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মাকে শুভেচ্ছা জানিয়ে অবনী বলেন, ‘যাঁরা সিঙ্গেল মাদার রয়েছেন, আমি তাঁদের বলতে চাই, কখনো আত্মবিশ্বাস হারাবেন না। কারণ, সন্তানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন মা। আর সেটা নিশ্চিত করুন। সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান এবং তার মন ও মননের বিকাশে একস্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি অন্তর্ভুক্ত করুন।’

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ মে ২০২৪, ১৩: ১৬
বিজ্ঞাপন