
এ বছরের সেপ্টেম্বরে মা হচ্ছেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এ নিয়ে তিনি ও তাঁর স্বামী বলিউড স্টার রণবীর সিং যে কতটা উচ্ছ্বসিত ও আনন্দিত, তার নানা ঝলক দেখা ও শোনা যাচ্ছে প্রায় সময়। আর মা হতে চলার খবর দেওয়ার পর থেকে দীপিকা যেন নিজের মতো করে সময় কাটাচ্ছেন ভিড়ভাট্টার বাইরে গিয়ে।

তারকা হোক আর সাধারণ নারী, মাতৃত্ব মানেই অনন্য অনুভূতির নাম। আর মা হওয়ার আগে গর্ভকালীন সময় একই রকমের আরাধ্য ও বিশেষ প্রত্যেক মায়ের কাছে। নিজের ভেতরে বেড়ে ওঠা এক প্রাণ আস্তে আস্তে যখন জানান দেয়, তখন অনেক রকম শারীরিক কষ্টের মধ্যে হবু মা প্রতিটি মুহূর্ত অনুভব করেন হৃদয় দিয়ে। অনাগত সন্তানের কল্যাণে নিজের শরীর ও মনের যত্ন নেন মায়েরা এ সময় নিজের সাধ্যমতো। বলিউডের হবু মা দীপিকা পাড়ুকোন এখন নিজের যত্নে মন দিয়েছেন তাই। দেখা যাচ্ছে, লম্বা চুলের যত্ন নিচ্ছেন তিনি।
দীপিকা অবশ্য এই বিশেষ সময়ে ব্যস্ততা আর গ্ল্যামার জগৎ থেকে সরে এসে নিজের সুকুমারবৃত্তিগুলো নিয়ে আছেন। রীতিমতো সিরিয়াসভাবে মন দিয়েছেন সূচিকর্মে। নিজের ইনস্টাগ্রামে এর কিছু নমুনা পেশ করেছেন এই হবু মা। বলেছেন, আশা করি এর পরে এটির পরিপূর্ণ রূপ দেখাতে পারব।

অনেকে প্রশংসা করছেন দীপিকার এমন গঠনমূলক ও সৃজনশীল কাজে নিজেকে ডুবিয়ে রাখার ব্যাপারে। আর হাতের কাজটিও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে।
এদিকে রোদে ঘুরে বেড়িয়ে ত্বকে সানবার্ন বা ট্যান তৈরি হয়েছে দীপিকা পাড়ুকোনের। এমন সময় অতিরিক্ত স্ট্রেস না দিলে প্রকৃতির সান্নিধ্যে থাকা খুবই ভালো মা ও শিশুর জন্য। এতে ভিটামিন ডির পাশাপাশি আত্মিক শান্তিও মিলছে দীপিকার।


হেলদি খাবার উপভোগ করে খাওয়ার মতো উপকারী আর কিছুই হতে পারে না গর্ভের সন্তানের জন্য। আর দীপিকা এমনিতে বেশ খাদ্যরসিক হলেও স্বাস্থ্যকর খাবার বেশি খান তিনি। এখনো তিনি পুষ্টিকর খাবারে নিজের সন্তান আর নিজের খেয়াল রাখছেন নিষ্ঠার সঙ্গে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ছবি: ইন্সটাগ্রাম