
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ সম্প্রতি ওজন ঝরিয়ে ঝরঝরে হয়ে উঠেছেন। সব সময় নাটক নিয়ে ব্যস্ততা থাকে এ সুন্দরী অভিনেত্রীর। তবে এর মধ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভক্তদের সঙ্গে নিজের নানা লুকের চমৎকার সব ছবি ভাগ করে নিতে ভোলেন না সারিকা।


এ সময়ের ফ্যাশন সচেতন মানুষমাত্রেই জানার কথা, এখন ট্রেন্ডের তুঙ্গে আছে ম্যাজেন্টা রং। আর তারকারাও এই ট্রেন্ড থেকে পিছিয়ে নেই একেবারেই। আর ম্যাজেন্টা রংটিও কিন্তু এতই দৃষ্টিসুখকর আর উজ্জ্বল, এতে যে কাউকে মানিয়ে যায়।
সারিকা সাবাহ এ রঙের দেশি বিদেশি দুই ধরনের লুকেই এসেছেন সামনে।
সারিকা সাবাহ এ ঋতুর উপযোগী একটি চমৎকার ফিটিংয়ের ম্যাজেন্টা শার্ট পরেছেন৷
সঙ্গের স্ট্রেট কাটের কালো ট্রাউজার্স আর এক ঢাল খোলা চুলে হাস্যময়ী সারিকা একেবারেই ক্যাজুয়াল সুন্দর। ঠোঁটেও ম্যাজেন্টা আভা।
হলুদ ম্যাজেন্টা কন্ট্রাস্ট পাড় দেওয়া সাদা মণিপুরি শাড়িতে সারিকার আরেকটি দারুণ লুকে দেখা যাচ্ছে। সরু কাতান পাড়ের একরঙা উজ্জ্বল ম্যাজেন্টা ব্লাউজেই নজর যাচ্ছে বেশি। হাতে ম্যাজেন্টা রেশমি চুড়ি পরেছেন সারিকা।
গলায় অক্সিডাইজডের চোকার, কানের লম্বা ঝোলা দুল, নাকের ছোট্ট নথ আর হাতের চিকন বালাও একই ম্যাটেরিয়ালের। ছোট ম্যাজেন্টা টিপ আর সে রঙেরই ঠোঁট সারিকার। কিছুটা টেনে দেওয়া কাজলরেখার সঙ্গে ম্যাজেন্টা শেডের আইশ্যাডো। এখানেও ঝলমলে চুল খুলে রাখা। ম্যাজেন্টা পোশাকের চেয়ে সারিকার হাসিটিই যেন আরও ঝলমলে।