
মেকআপ ঠিকভাবে পরিষ্কার করা ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এখন সবাই জানে। ত্বকের পোরসগুলোয় যদি মেকআপ, তেল, ধুলাবালি, কিংবা ময়লা আটকে থাকে, তাহলে ত্বকে ব্রেকআউট, র্যাশ, এমনকি অকালে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই স্কিন কেয়ারের প্রথম ধাপই হলো ত্বককে সবসময় পরিষ্কার রাখা।

মেকআপ তোলার ক্ষেত্রে এমন একটি পণ্য বেছে নেওয়া প্রয়োজন যা আপনার দৈনন্দিন হালকা মেকআপ থেকে শুরু করে ভারী গ্ল্যাম লুক পর্যন্ত সহজেই তুলে ফেলতে পারে। সচরাচর সবাই এজন্য মাইসেলার ওয়াটার আর ক্লিনজিং অয়েলের মধ্যে একটিকে বেছে নেন। তবে সাম্প্রতিক সময়ে বিউটি ইনফ্লুয়েন্সাররা মাইসেলার ওয়াটার থেকে মুখ ফিরিয়ে ক্লিনজিং অয়েলের দিকে ঝুঁকছেন।
কেন এই পরিবর্তন? চলুন, জেনে নেই ক্লিনজিং অয়েলের কার্যকারিতা এবং এর প্রতি ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনের কারণ।

মাইসেলার ওয়াটার হলো একটি মৃদু ও পানি-ভিত্তিক ক্লিনজার, যাতে থাকে মাইসেল নামের ক্ষুদ্র তেল অণু, যা পানির সঙ্গে মিশে ময়লা ও মেকআপকে টেনে বের করে আনে। মাইসেলার ওয়াটার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি সতেজ এবং মসৃণ করে তোলে। এটি হালকা মেকআপ রিমুভের জন্য একটি ঝামেলাহীন এবং কার্যকর পণ্য।

অয়েল ক্লিনজার বা মেকআপ রিমুভাল অয়েল হলো একটি তেল-ভিত্তিক ক্লিনজার, যা খুব সহজে ত্বক থেকে মেকআপ, ধুলোবালি এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে। এটি বিশেষভাবে কার্যকর, কারণ এটি মেকআপ ও ময়লার সঙ্গে মিশে যায় এবং খুব সহজে ত্বকের গভীর থেকে তুলে আনে, এমনকি ওয়াটারপ্রুফ মেকআপও সহজে তুলে ফেলে।
অয়েল ক্লিনজারের সবচেয়ে ভালো দিক হলো, এটি ত্বক পরিষ্কার করার সময় ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে না। বরং এটি ত্বককে নরম, সতেজ ও মসৃণ রাখে।
হোক ওয়াটারপ্রুফ মাসকারা কিংবা ফাউন্ডেশন, সব ধরনের ভারী মেকআপ খুব সহজেই তুলে ফেলতে পারে ক্লিনজিং অয়েল। এতে বিদ্যমান তেলের জন্য খুব সহজে মেকাপের সঙ্গে মিশে ত্বকের গভীর থেকে মেকআপ তুলে ত্বক পরিষ্কার করে। অন্যদিকে, মাইসেলার ওয়াটার ত্বকের গভীরে প্রবেশ করতে পারে না, ফলে ভারী মেকআপ পরিষ্কারের ক্ষেত্রে এটি তেমন কার্যকর নয়।

মাইসেলার ওয়াটার সাধারণত সব ধরনের ত্বকের জন্য ব্যবহার করা যায়, তবে এটি ত্বককে শুষ্ক করে তোলে। অপরদিকে ক্লিনজিং অয়েল ত্বক পরিষ্কার করার পাশাপাশি বাড়তি আর্দ্রতা যোগ করে এবং ত্বককে নরম ও মসৃণ রাখে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাইসেলার ওয়াটার ব্যবহারের পর যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে ত্বকে হালকা একটি স্তর থেকে যেতে পারে। এটি তৈলাক্ত বা ব্রণ প্রবণ ত্বকের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু ক্লিনজিং অয়েল ত্বকে কোনো স্তর ফেলে রাখে না এবং ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।
তাই, যদি সহজ, কার্যকর মেকআপ রিমুভার চান তাহলে ক্লিনজিং অয়েলই আপনার জন্য সঠিক পছন্দ।
ছবি: ডারমোটাভিন এর ইনস্টাগ্রাম ও পেকজেলসডটকম