
প্রাইমার এমন একটি মেকআপ প্রসাধনী, যা সামান্য ব্যবহারেই ফলাফল পাওয়া যাবে দারুণ। প্রাইমার একই সঙ্গে মেকআপ ও স্কিন কেয়ারের কাজও করে। মেকআপ করার পর ত্বকে মসৃণ ভাব আনাই মূলত প্রাইমারের কাজ। এ ছাড়া পোরস ছোট করা, ত্বকের অতিরিক্ত তেল বা শুষ্কতা কমানো, বয়সের ছাপ কমাতে প্রাইমার ব্যবহার করা হয়। বেইজ মেকআপে আগে সামান্য একটু প্রাইমার ত্বকে মেকআপ সেট হতেও সাহায্য করে।

প্রাইমার কী
প্রাইমার মূলত গাঢ় ঘনত্বের প্রসাধনী। এটি ক্রিম, সেরাম, লোশন, সানস্ক্রিন বা বাম যেকোনো টেক্সচারেই হতে পারে। প্রাইমার ব্যবহারে মেকআপের আগে ত্বক যথাযথভাবে প্রস্তুত হয়। ভালো মানের প্রাইমারে ত্বকের যত্নের কাজও হয়। ত্বকের আর্দ্রতা ঠিক রাখা, উজ্জ্বলতা বাড়ানো, ব্রণ ও বলিরেখা কমাতে প্রাইমার উপকার দেবে।
কোন ত্বকে কেমন প্রাইমার
আর্দ্রতার কমতি ও ত্বক ফাটা শুষ্ক ত্বকের প্রধান সমস্যা। বিশেষ করে মেকআপ করার পর এই সমস্যা বেশি দেখা যায়। শুষ্ক ত্বকে মেকআপ ঠিকঠাক সেট করাও কঠিন। মনে রাখতে হবে, এমন সমস্যা কমাতে প্রথম দরকার আর্দ্রতা। ত্বকে পানির পরিমাণ বেশি থাকলে মেকআপ ফাটবে না। তাই শুষ্ক ত্বকে হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করতে হবে। ফেসঅয়েলও শুষ্ক ত্বকের জন্য ভালো প্রাইমার।
তৈলাক্ত ত্বকে এমন প্রাইমার ব্যবহার করতে হবে যা ত্বকের তেল চিটচিটে ভাব কমাবে। তৈলাক্ত ত্বকের জন্য ডাইমেথিকনের উপাদান আছে, এমন প্রাইমার বেছে নেওয়া ভালো।

মিশ্র ত্বকে দুই ধরনের প্রাইমার ব্যবহার করা যাবে। তৈলাক্ত অংশে ম্যাট ফিনিশিং প্রাইমার ও শুষ্ক অংশে হাইড্রেটিং প্রাইমার ভালো কাজ করবে।
ব্রণ থাকলে পানিসমৃদ্ধ, অয়েল ফ্রি প্রাইমার কাজে দেবে। প্রাইমারে গ্রিন টি বা চারকোলের মতো উপাদান থাকা উচিত। প্রাইমারে ম্যাট ফিনিশ, হাইড্রেটিং, সূর্য থেকে সুরক্ষিত রাখার বৈশিষ্ট্য থাকতে হবে।
বলিরেখা আছে এমন ত্বকে হায়ালুরোনিক অ্যাসিড আছে, এমন প্রাইমার ব্যবহার করা উচিত।
প্রাইমার ব্যবহারের নিয়ম
প্রাইমার ময়েশ্চারাইজারের কাজ করে, তাই এর ব্যবহারের নিয়মও ময়েশ্চারাইজারের মতো। তবে ময়েশ্চারাইজার ব্যবহারের পরিমাণ ও প্রাইমারের পরিমাণ এক নয়।
প্রাইমার কয়েক ফোঁটা হলেই চলে। চোখের নিচে ও ক্রিজেও কিন্তু প্রাইমার দিতে হবে।

প্রাইমার ত্বকে মেশানোর জন্য ব্রাশ নয়, ময়েশ্চারাইজারের মতো আঙুলই যথেষ্ট।
প্রাইমার ত্বকে মেশানোর পর শুকানোর জন্য কয়েক মিনিট সময় নিতে হবে। অন্যান্য প্রসাধনী তারপরই ব্যবহার করা উচিত।
সূত্র: ভোগ ও ইনস্টাইল
ছবি: হাল ফ্যাশন