
মিনিমাল মেকআপের ট্রেন্ড চললেও অনেক সময়ে একটু ভারী মেকআপ করতেই হয়। যদিও মিনিমাল মেকআপের সব থেকে বড় সুবিধা হলো তা লম্বা সময় ফ্রেশ থাকে। অন্যদিকে ভারী মেকআপে যেহেতু অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, তাই গরমে গলে যাওয়া বা চিটচিটে হওয়ায় সুযোগ বেশি। কিন্তু মেকআপ দীর্ঘ সময় ফ্রেশ রাখতে ছোটখাটো কয়েকটি কৌশলই হবে যথেষ্ট।
ক্লে মাস্ক
তৈলাক্ত ত্বকের জন্য ক্লে মাস্ক ভালো কাজ করে। বিশেষ করে টি জোন বা তেল জমে, এমন স্থানের জন্য। যদিও সব উপাদানের ক্লে মাস্ক সব ত্বকের জন্য যথাযথ না–ও হতে পারে, সে ক্ষেত্রে ত্বক বুঝে ক্লে মাস্ক ব্যবহার করতে হবে। ত্বককে মেকআপের জন্য প্রস্তুত করে নেওয়ার প্রথম ধাপ এটি।

মেকআপের আগে বরফ
মেকআপের আগে বরফ! বিষয়টি কিছুটা অবাক করার মতো মনে হলেও মেকাআপ দীর্ঘ সময় ফ্রেশ রাখতে কৌশলটি বেশ কার্যকর, বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য। কারণ, মেকআপ গলে যাওয়ার প্রথম কারণ তেল। আর শুষ্ক ত্বকে এ সমস্যা কম দেখা যায়। তবে অতিরিক্ত ঘাম কিন্তু যেকোনো ত্বকেই ঘটাতে পারে অঘটন। তৈলাক্ত ত্বকে মেকআপের আগে বরফ ঘষে নিলে ত্বকের পোর্স বন্ধ হয়, যাতে বাড়তি তেল আসাও কমে। মেকআপ ফ্রেশ থাকে বেশিক্ষণ। শুষ্ক ত্বকে বরফের দরকার খুব একটা না পড়লেও ঠান্ডা পানিতে ভেজনো তোয়ালে কিছু সময় মুখে দিয়ে রাখা ভালো। এতে ত্বক ঠান্ডা থাকে, যা মেকআপ সেট হতে সাহায্য করে। মনে রাখতে হবে, মাস্ক ব্যবহারের পর বরফ ব্যবহার করা যাবে না।
সিমারি প্রসাধনীকে না
গরমে গলবে না এমন মেকআপ পেতে চাইলে সিমারি যেকোনো প্রসাধনী থেকে দূরে থাকতে হবে। ক্রিম বা লোশনজাতীয় মেকআপ প্রসাধনী ও সিমারি প্রাইমার মেকআপ অল্প সময়ের মধ্যে গলে যায়। যতটা সম্ভব পাউডারজাতীয় পণ্য ব্যবহারে ম্যাট লুক আসবে।

প্রাইমার
মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহারের গুরত্ব বোঝা দরকার। প্রাইমার ব্যবহারে ত্বকের পোর্স বন্ধ হয়। মেকআপে আসে মসৃণ ভাব, যা মেকআপ অনেক সময় ধরে রাখতে প্রয়োজন। তবে গরমে তেল আছে, এমন প্রাইমার ব্যবহার করা যাবে না; বরং পানির পরিমাণ বেশি, এমন প্রাইমার বেছে নিতে হবে।
লিপগ্লোস নয়
রাত বা দিন যখনই বাইরে যাওয়া হোক না কেন, গ্লোসি লিপস্টিক গরমে ব্যবহার করা যাবে না। আবার খুব ম্যাট লিপস্টিকও ঠোঁটে ফাটা ভাব আনে। তাই মাঝামাঝি ধরনের লিপস্টিকই যথাযথ। লিপস্টিক যেন গলে ছড়িয়ে না যায়, তাই লিপলাইনার ব্যবহারের কৌশল কাজে আসবে। চাইলে হালকা পাউডার দিয়ে লিপস্টিক সেট করা যায়।
ওয়াটার স্প্রে
খুব ভারী মেকআপ করলে ওয়াটার স্প্রের দরকার নেই। কারণ, তাতে মেকআপ আরও গলবে। কিন্তু মিনিমাল মেকআপ ফ্রেশ দেখাতে ওয়াটার স্প্রে হতে পারে সমাধান।

ক্রিম আইশ্যাডো নয়
চোখে ক্রিমজাতীয় আইশ্যাডো গরমে গলবে দ্রুত। তাই যতটা সম্ভব পাউডার আইশ্যাড ব্যবহার করা উচিত। চোখে প্রাকৃতিক লুক আনতে এখন পাউডার আইশ্যাডই ব্যবহার হচ্ছে বেশি। চোখের মেকআপের ওপর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার মেকআপ সতেজ রাখতে বেশ সাহায্য করবে। কয়েক ঘণ্টা হলেও মেকআপ গলবে না।
ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম