মনোক্রোম মেকআপে ঈদের সাজ
শেয়ার করুন
ফলো করুন

পোশাকের পাশাপাশি মেকআপেও চলছে মনোক্রোম স্টাইলের রাজত্ব। মনোক্রোমিক লুক মানে একই রঙের পোশাক, গয়না ও ফ্যাশন অনুষঙ্গ। এই ধারার মেকআপেও একই রঙের লিপস্টিক, ব্লাশন ও আইশ্যাড ব্যবহার করা হয়। তবে নিখুঁত মনোক্রোম মেকআপ পেতে অনেকে আবার একই প্রসাধনী চোখ, ঠোঁট, গাল ও চেহারার অন্যান্য জায়গায় ব্যবহার করেন। ফ্যাশন অনুরাগীদের মধ্যে মনোক্রোম মেকআপ ম্যাচিং-ম্যাচিং ও সফট গ্লাম লুক নামেও পরিচিত।

সব মনোক্রোম লুক একই রকম নয়

অনেকেই মনে করেন সব মনোক্রোম মেকআপ লুক একই রকম দেখতে। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। মনোক্রোম মেকআপে ভিন্নতা নির্ভর করে প্রসাধনীর টেক্সচার, ফিনিশং ও ব্যবহার পদ্ধতির ওপর। চোখে গোলাপি রঙের গ্রাফিক আইলাইনারের সঙ্গে চিকে সফট গ্লো ব্লাশন ও ঠোঁটে ম্যাট গোলাপি লিপস্টিকে হতে পারে ঈদের যে কোন দিনের মেকআপ।

মনোক্রোম মেকআপ স্টাইলে চাইলে খুব হালকা রং ব্যবহার করা যায় আবার গাঢ় ও বোল্ড রং ব্যবহারেও নেই মানা। তাই তরুণী ও কিশোরী সব বয়সীদের জন্যই মানানসই এই মেকআপ স্টাইল।

অর্থাৎ সফট পিঙ্ক, পিচ, বাদামির মতো রঙে যেমন মেকআপ করা যাবে, তেমনি লাল, বেগুনি কিংবা কমলা অনায়াসেই বেছে নেওয়া যায় গরমের সময়ের জন্য মনোক্রোম স্টাইলের মেকআপ ট্রেন্ডি।

বিজ্ঞাপন

সহজে মনোক্রোম মেকআপ

মনোক্রোম মেকআপ হতে পারে অনেক ধরনের। মেকআপ করতে পারদর্শী হলে কঠিন স্টাইলগুলো অনুসরণ করা যায়। তবে যাঁরা নতুন মেকআপ করা শুরু করেছেন, তাঁরাও সহজে ঈদে এই স্টাইলে মেকআপ করতে পারবেন। আঙুলে প্রসাধনী লাগিয়ে ব্রাশ ছাড়াও চোখ, ঠোঁট ও গালে মেকআপ সেরে নেওয়া যাবে। মনোক্রোম মেকআপে খুব নিখুঁত লুক না এলেও চলবে।

ঈদের ট্রেন্ডি মনোক্রোম মেকআপ

গোলাপি মনোক্রোম

গোলাপি রং ঈদের অন্যতম ট্রেন্ড। প্রাইমার, ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহারের পর চিকে গোলাপি ব্লাশন ব্যবহার করতে হবে। চোখে রোজি বা গোলাপি টোনের আইশ্যাডো ও অল্প গ্লিটার মানাবে। পরে ঠোঁটে বোল্ড গোলাপি বা মিউট গোলাপি পছন্দমতো বেছে নিতে পারেন।

বিজ্ঞাপন

নুড মনোক্রোম

নুড রঙের ধারাও এখন দারুণ সাড়া ফেলেছে। এই লুকের জন্য চোখে বাদামি শেডের আইশ্যাডো ব্যবহার করতে হবে। একেবারে ম্যাট লুক পছন্দ না হলে বাদামি টোনের শিমার ব্লেন্ড করে নিতে পারেন। চেহারায় ক্রিমি ফাউন্ডেশন ব্যবহার করে হালকা কনট্যুর করে নিতে হবে। শেষে ঠোঁটে নুড বা হালকা বাদামি শেডের লিপস্টিক পরে নিলেই আপনার ঈদের লুক তৈরি।

কোরাল মনোক্রোম

ঈদে রঙিন লুক চাইলে কোরাল মনোক্রোম মেকআপ করে ফেলতে পারেন। গালে গোলাপির বদলে কোরাল শেডের ব্লাশন ব্যবহার করতে পারেন। চোখের জন্য কোরাল আইশ্যাডো না থাকলে ব্লাশনই ব্লেন্ড করে ব্যবহার করা যেতে পারে। আই মেকআপে ভিন্নতা আনতে হালকা রঙের গ্লসি লিপস্টিক আঙুলে নিয়ে আইলিডে ব্যবহার করে নেওয়া যেতে পারে। এতে চোখে চকচকে লুক আসবে। এবার ঠোঁটে কমলা টোনের ক্রিমি ম্যাট লিপস্টিক পরলে চেহারায় আসবে কোরাল মনোক্রোম লুক।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১২: ১০
বিজ্ঞাপন