
বর্তমানে স্কিনকেয়ার মানেই চোখ কপালে তোলা দামের সব বিউটি পণ্যের ব্যবহার। আর এসব সামগ্রী একদিকে তো ব্যয়বহুল অন্যদিকে বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরী। অনেকেই আছেন ব্যয়বহুল হওয়ার কারণে এসব ব্যবহার করতে চান না। তাই ত্বকের যত্নও নেওয়া হয় না। আবার এমনও অনেকে আছেন যাঁরা ত্বকে রাসায়নিক কোনো উপাদান ব্যবহার করতে পছন্দ করেন না। তাঁদের জন্যই সহজ সমাধান হলো প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন। ৭টি ধাপে এসব উপাদান দিয়ে ফিরে পেতে পারেন ত্বকের উজ্জ্বলতা।
১. ক্লিনজার
প্রাকৃতিক ক্লিনজার হিসেবে মধুর কোনো জুড়ি নেই। এটি খুব ভালোভাবেই আপনার ত্বকে লেগে থাকা ময়লা তুলে ফেলতে পারে।

এমনকি এটি আপনার ত্বকের তেলতেলে ভাবও দূর করে ফেলতে পারে। এছাড়া মধু দিয়ে যখন আপনি ত্বক পরিষ্কার করেন, তখন আপনার ত্বকের ওপর কোনো চাপ পড়ে না। ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা তেলতেলেও হয়ে যায় না।
২. এক্সফোলিয়েটর
ক্লিনজিংয়ের পরেই যে ধাপটি আসে তা হলো এক্সফোলিয়েটিং। এর জন্য দুই টেবিল চামচ ওটসের সঙ্গে এক টেবিল চামচ টকদই মিশিয়ে নিন।

এর পর আলতো ভাবে ১-২ মিনিট ত্বক হালকা ভাবে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের মৃত কোষগুলোকে দূর তো করবেই পাশাপাশি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও বেশ ভালো কাজ করবে।
৩. টোনার
টোনার হিসেবে কখনো গোলাপ জল ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তবে এখন থেকেই শুরু করে দিন। এটি একেবারেই সহজলভ্য এবং খুবই কার্যকর।

গোলাপজল আপনার ত্বকের পিএইচ এর মান ঠিক রাখে আর আপনার রোমকূপগুলোকেও বড় হতে দেয় না।
৪. ফেসজেল
ফেসজেল হিসেবে অ্যালোভেরার কোনো বিকল্প নেই। অনেক ব্যয়বহুল ফেসজেলের চেয়েও অ্যালোভেরা অনেক বেশি কার্যকরী। এই জেল আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।

এছাড়া ত্বক কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হলেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জেল ব্যবহার করলে ত্বকে খুব সহজে বয়সের ছাপ পড়ে না।
৫. ময়েশ্চারাইজার
ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন নারকেল তেল। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এই তেল অনন্য।

এটি আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি ত্বককে রাখে নরম ও কোমল। তবে আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এটি এড়িয়ে চলাই ভালো।
৬. ত্বক সুরক্ষা
শিয়াবাটার আপনার ত্বককে খুব সুন্দরভাবে সুরক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করতে পারেন শিয়াবাটার।

এটি আপনার ত্বককে সারাদিনের সব ক্লান্তি থেকে রক্ষা করতে পারে। শিয়াবাটার রাতে ব্যবহার করে ঘুমালে সকালেই ফিরে পাবেন সতেজ ও সজীব ত্বক।
৭.ফেসমাস্ক
প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়েই বানাতে পারেন ফেসমাস্ক। তবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদ, মধু ও টকদই মিশিয়ে তৈরি করে নিতে পারেন একটি মিশ্রণ।

এটি আপনার ত্বকে ১৫-২০ মিনিটের মতো রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর দেখুন ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা কীভাবে ফিরে আসছে ধীরে ধীরে৷
সূত্র: অ্যালিউর
হিরো ইমেজ: সাবিলা নূরের ইন্সটাগ্রাম