
ঘুমের অনিয়ম, অতিরিক্ত রোদে থাকা, অস্বাস্থ্যকর খাবার কিংবা দীর্ঘদিনের মানসিক চাপ—ছোট মনে হওয়া এসব অভ্যাস ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ও সতেজতায় প্রভাব ফেলতে পারে। তাই বয়সের ছাপ ঠেকাতে শুধু দামি স্কিনকেয়ার পণ্য নয়, নজর দিতে হবে প্রতিদিনের জীবনযাপনেও। বিশেষজ্ঞরা মনে করেন, ত্বকের বয়স বাড়ার পেছনে জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি জীবনযাপন ও পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কয়েকটি সাধারণ অভ্যাসে পরিবর্তন আনলে ত্বকের সুস্থতা ধরে রাখতে সাহায্য পাওয়া যায়।

ত্বকসহ শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। নিয়মিত কম ঘুমালে চোখের নিচে কালি, ফোলাভাব ও ত্বকে ক্লান্তির ছাপ দেখা দিতে পারে। ত্বকও হারাতে পারে স্বাভাবিক সতেজতা।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা ভালো। এতে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য হয়, যার ইতিবাচক প্রভাব পড়ে ত্বকেও।

অকালবার্ধক্যের অন্যতম কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। দীর্ঘদিন সুরক্ষা ছাড়া রোদে থাকলে ত্বকের কোলাজেন ও ইলাস্টিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো ত্বকের দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে। ফলে সময়ের আগেই সূক্ষ্ম রেখা, বলিরেখা, কালচে দাগ ও অসম ত্বকের রং দেখা দিতে পারে। ত্বকের এই পরিবর্তনকে বলা হয় ফটোএজিং।
এ ধরনের ক্ষতি এড়াতে প্রতিদিন ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। পাশাপাশি বাইরে যাওয়ার সময় ছাতা, টুপি ও সুরক্ষামূলক পোশাক ব্যবহার করা ভালো। বিশেষ করে রোদ যখন বেশি থাকে, তখন দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলুন।

ত্বকের সুস্থতার সঙ্গে খাবারের সম্পর্ক রয়েছে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, চিনি ও পরিশোধিত শর্করা নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরে প্রদাহ বাড়াতে পারে। এ ছাড়া গ্লাইকেশন নামের একটি প্রক্রিয়ায় অতিরিক্ত শর্করা শরীরের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কোলাজেন ও ইলাস্টিনের স্বাভাবিক গঠনে প্রভাব ফেলতে পারে। এতে ত্বকের স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
অন্যদিকে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনসমৃদ্ধ খাবার ত্বকের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। খাদ্যতালিকায় লেবুজাতীয় ফল, বেরিজাতীয় ফল, বাদাম, বীজ ও বিভিন্ন ধরনের শাকসবজি রাখা যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি। কারণ, শরীরের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও পানি গুরুত্বপূর্ণ।

কাজের চাপ, ব্যক্তিগত ব্যস্ততা কিংবা বিশ্রামের অভাব—নানা কারণে তৈরি হতে পারে দীর্ঘস্থায়ী মানসিক চাপ। এর প্রভাবে শরীরে কর্টিসল নামের হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। এতে প্রদাহ, ত্বকের সুরক্ষাব্যবস্থা এবং শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
ফলে ত্বকে ব্রণ, অতিরিক্ত সংবেদনশীলতা ও ক্লান্তির ছাপ দেখা দিতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণে নিয়মিত ব্যায়াম, মেডিটেশন এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখা জরুরি।

ত্বকের সুরক্ষাব্যবস্থা ভালো রাখতে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু অনেকেই ময়েশ্চারাইজার ব্যবহার করেন না, সানস্ক্রিন এড়িয়ে যান কিংবা ত্বকের ধরন না বুঝে বিভিন্ন পণ্য ব্যবহার করেন। এতে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে উঠতে পারে। পাশাপাশি ত্বকের স্বাভাবিক মসৃণতাও নষ্ট হতে পারে।
প্রতিদিনের স্কিনকেয়ার রুটিন খুব জটিল হওয়ার প্রয়োজন নেই। ত্বকের উপযোগী মৃদু ক্লিনজার, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন—এই তিনটি পণ্য নিয়মিত ব্যবহার করলেই প্রাথমিক যত্ন নিশ্চিত করা সম্ভব। ত্বকের বিশেষ প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে রেটিনয়েড, ভিটামিন সি, নিয়াসিনামাইড কিংবা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত পণ্যও ব্যবহার করা যেতে পারে।

ত্বকের বয়স বাড়া স্বাভাবিক প্রক্রিয়া। এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে কিছু সচেতন অভ্যাস ত্বকের সুস্থতা ও সতেজতা দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ত্বকের সঠিক যত্ন—এই ছোট ছোট অভ্যাসই গড়ে তুলতে পারে স্বাস্থ্যকর জীবনযাপনের ভিত্তি। মনে রাখতে হবে, তারুণ্য ধরে রাখার শুরুটা দামি প্রসাধনী দিয়ে নয়, বরং প্রতিদিনের যত্ন ও সচেতনতা দিয়ে।
সূত্র: স্কিনকেয়ারডটকম