ত্বকের বার্ধক্য রোধে প্রাকৃতিক সমাধান
শেয়ার করুন
ফলো করুন

বাজারে এখন নানা ধরনের অ্যান্টি-এজিং ক্রিম পাওয়া যায়। কিন্তু অনেকেই আছেন, যাঁরা ঘরোয়া সমাধানে বিশ্বাসী। প্রাকৃতিক উপকরণে রূপচর্চায় আগ্রহীদের জন্য এই পরামর্শগুলো ত্বকের বার্ধক্য রোধে টনিকের মতো কাজ করবে।

জারা’স বিউটি লাউঞ্জের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, ত্বকের বার্ধক্য ঠেকাতে ঘরোয়া পরিচর্চা যথেষ্ট কার্যকর। এ ক্ষেত্রে পূর্বশর্ত হচ্ছে নিয়মিত ত্বক পরিষ্কার রাখা। হাতের কাছে পাওয়া যায়, এমন কিছু উপকরণেই ভরসা রাখা যায়।

বেসন বা চালের গুঁড়া এ ক্ষেত্রে হতে পারে সহায়ক। চালের গুঁড়া আমাদের ত্বকে স্ক্রাবিংয়ের কাজ করে। এ ছাড়া টমেটো ও শসা পেস্ট করে ফ্রিজে কিউব করে রেখে দেওয়া যায়। টমেটো কিউব ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে এবং শসার কিউব ত্বককে কোমল ও মসৃণ করে।

তাঁর পরামর্শে ঘরে বসেই কিছু প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে নিজের ত্বকের বার্ধক্য ঠেকিয়ে সতেজ ও প্রাণময় করতে।

বিজ্ঞাপন

মধু, দারুচিনি ও বেসন

মধু, দারুচিনি ও বেসনে রয়েছে এমন সব উপাদান, যা শুষ্ক ও তৈলাক্ত দুই ধরনের ত্বকের জন্যই উপকারী। মধুতে আছে ভিটামিন বি, ক্যালসিয়াম, জিংক, পটাশিয়াম ও আয়রন। আর এটা উচ্চমাত্রার অ্যান্টি–অক্সিডেন্ট। ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসেবে মধু দারুণ কাজ করে। দারুচিনিতে রয়েছে প্রদাহরোধী উপাদান। বেসন ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এই প্যাক সপ্তাহে এক দিন ব্যবহারে ত্বক হবে দাগমুক্ত ও টান টান। ফলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না।

লেবুর রস, গমের আটা ও হলুদগুঁড়া

লেবুর রস, গমের আটা, হলুদগুঁড়া—এই তিনটি উপাদান মিশিয়ে নিতে হবে। চাইলে লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করা যেতে পারে। এই মিশ্রণ সারা মুখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের কালো দাগ দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। মুখের ত্বককে হলুদ উজ্জ্বল করে। আর লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের বলিরেখা ও ফাইনলাইনস হওয়া ঠেকায়।

বিজ্ঞাপন

এ ছাড়া বেশি বেশি করে ভিটামিন ই ও সি–সমৃদ্ধ খাবার এবং উদ্ভিজ্জ প্রোটিন–জাতীয় খাবার খেতে হবে।

ত্বকের বলিরেখা আসার অন্যতম কারণ হচ্ছে, শরীরকে দীর্ঘক্ষণ পানিশূন্য রাখা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে চাই পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ঘুম। সেই সঙ্গে নিজেকে চিন্তামুক্ত রাখাও জরুরি। চেহারায় বার্ধক্যের ছাপ পড়ছে, এ ধরনের চিন্তাও বাদ না দিলে স্ট্রেস হরমোন শরীর ও মনকে অবসাদগ্রস্ত করে ফেলে। ফলে চেহারায় আসে বলিরেখা।

মডেল: অরা, মেকআপ: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও, ছবি: হাদী উদ্দিন

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১১: ৩৩
বিজ্ঞাপন