
ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে কখনো মনে হয়েছে, “ইশ! ত্বকটা আরও একটু বেশি উজ্জ্বল হলে কেমন হতো?” কোরীয় সেলিব্রিটিদের যেমন চকচকে, গ্লাস স্কিনে ঝলমল করেন তাদের মতো ত্বক চাই। কিন্তু এত সময় কোথায়। এই ভেবে, সারা দিনের নানা ঝক্কি-ঝামেলায় আর ত্বকের যত্নই নেওয়া হয় না। কিন্তু বিশেষজ্ঞরা দিয়েছেন এর সমাধান। চকচকে, গ্লাস স্কিন পেতেও প্রয়োজন নেই ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে ত্বকচর্চার। মাত্র পাঁচটি ধাপে আপনি পেতে পারেন একই গ্লো।

প্রথমেই ময়লা, তেল, সানস্ক্রিন বা মেকআপের অবশিষ্টাংশ ত্বক থেকে তুলতে হবে। একটা তেল-ভিত্তিক ক্লেঞ্জার দিয়ে শুরু করুন। এটি মেকআপ পুরোপুরি তুলে ফেলবে। এরপর নরম ফোমিং ক্লেঞ্জার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই দুই ধাপেই ত্বক পরিষ্কার, সতেজ আর পরের ধাপের জন্য প্রস্তুত থাকবে।

ত্বকের নিস্তেজভাবের আসল কারণ মৃত কোষ। সপ্তাহে দুইবার হালকা এক্সফোলিয়েন্ট ব্যবহার করুন। এতে মৃত ও পুরোনো কোষ উঠে গিয়ে নতুন ত্বক উজ্জ্বলভাবে প্রকাশ পায়।
টিপস: ক্ষারীয় স্ক্রাব এড়িয়ে চলুন, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

ক্লেঞ্জিংয়ের পর শুষ্ক ও টানটান লাগা ত্বককে প্রশমিত করে টোনার।
একটু তুলোয় নিয়ে হালকা করে চাপুন মুখে। চাইলে হাত দিয়েও লাগাতে পারেন।
এটি ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে এবং পরের পণ্যগুলোর শোষণ বাড়ায়।

ভিটামিন সি, নায়াসিনামাইড বা হায়ালুরনিক অ্যাসিড। যেটি আপনার ত্বকের উপযোগী, সেটিই বেছে নিন।
সেরাম ত্বকের গভীরে কাজ করে, গ্লো বাড়ায় এবং কালচে ভাব দূর করে।
মাত্র কয়েক ফোঁটাতেই আপনি বুঝবেন পার্থক্য।

শেষ ধাপে ত্বকে ময়েশ্চার দিন।
দিনের বেলায় সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। যত গ্লোই আসুক, সূর্যের ক্ষতি রুখতে সানস্ক্রিনই আপনার আসল ঢাল।
রাতে যেতে পারেন স্লিপিং মাস্কে, যা ঘুমের সময় ত্বক পুনরুজ্জীবিত করবে।
ত্বক যত্ন মানে কষ্ট নয়, নিজের প্রতি ভালোবাসা। প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিলে ত্বক হয়ে উঠবে প্রানবন্ত ও উজ্জ্বল।
ছবি: এআই, পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম