
প্রাকৃতিক সৌন্দর্যচর্চার ইতিহাসে ফলের খোসার ব্যবহার নতুন নয়। আধুনিক স্কিনকেয়ারের যুগেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক ফলের বাইরের স্তরে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং এনজাইমের ব্যপক উপস্থিতি। ত্বকের উজ্জ্বলতা বাড়ানো থেকে শুরু করে আর্দ্রতা ধরে রাখা কিংবা ক্লান্ত ত্বককে কিছুটা সতেজ অনুভব করানো এসব কাজে ফলের খোসা হতে পারে সৌন্দর্যচর্চার একটি সহজ ও সাশ্রয়ী সংযোজন।

শীতের বিকেল আর কমলার গন্ধ, দুটো যেন একে অন্যের পরিপূরক। কিন্তু কমলার রসালো কোয়ার মতো এর খোসাও কম গুরুত্বপূর্ণ নয়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কমলার খোসা দীর্ঘদিন ধরেই ঘরোয়া রূপচর্চার পরিচিত উপাদান।
শুকিয়ে গুঁড়া করা কমলার খোসা অনেকেই ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন। এটি ত্বকের মলিন ভাব কমাতে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখতে এবং মুখে একটি সতেজ আভা ফিরিয়ে আনতে সহায়ক বলে মনে করা হয়।

সুন্দর ত্বকের আলোচনায় অ্যাভোকাডোর নাম প্রায়ই শোনা যায়। তবে ফলটির খোসাও কম সমৃদ্ধ নয়। ভিটামিন বি, ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই খোসা ত্বকে কোমলতার অনুভূতি দিতে পারে।
বিশেষ করে শুষ্ক বা রুক্ষ ত্বকের ক্ষেত্রে অ্যাভোকাডোর খোসার ভেতরের নরম অংশ অনেকেই সরাসরি ত্বকে ব্যবহার করেন। এটি যেন ত্বকের জন্য একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজিং আবরণ।

ছোট ছোট রুবির মতো ডালিমের দানা যতটা আকর্ষণীয়, এর খোসাও ততটাই পুষ্টিগুণে সমৃদ্ধ। ডালিমের খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পরিবেশগত দূষণ ও ফ্রি র্যাডিক্যালজনিত ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।
ত্বকের অস্বস্তি কমানো এবং ব্রণপ্রবণ ত্বকের যত্নে ডালিমের খোসার ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে প্রাকৃতিক স্কিনকেয়ারপ্রেমীদের মধ্যে।

ইংরেজি প্রবাদে যেমন বলা হয়, প্রতিদিন একটি আপেল চিকিৎসককে দূরে রাখে, তেমনি সৌন্দর্যচর্চার ক্ষেত্রেও আপেলের খোসার রয়েছে আলাদা গুরুত্ব।
ভিটামিন এ, ভিটামিন সি এবং কপারে সমৃদ্ধ আপেলের খোসা ত্বকের স্বাভাবিক কোলাজেন উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারে। ফলে ত্বক আরও প্রাণবন্ত, মসৃণ ও সতেজ দেখাতে সাহায্য পায়।
লেবুর তীব্র সাইট্রাস সুবাস যেমন সতেজতার প্রতীক, এর খোসাও তেমনি ভিটামিন সি ও খনিজ উপাদানে ভরপুর। তৈলাক্ত ত্বকের যত্নে লেবুর খোসা জনপ্রিয় একটি উপাদান।
তবে এখানে একটি সতর্কতার বিষয় রয়েছে। লেবুর প্রাকৃতিক অ্যাসিড সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তির কারণ হতে পারে। তাই সরাসরি মুখে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে কলার খোসা দিয়ে ত্বক ঘষে উজ্জ্বলতা পাওয়ার নানা ভিডিও প্রায়ই দেখা যায়। কলার খোসায় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এর উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।
তবে অনেকেই জানান, এটি ত্বকে সাময়িক কোমলতা এনে দেয় এবং শুষ্ক অনুভূতি কমাতে সাহায্য করে। যদিও যেকোনো নতুন উপাদানের মতো এটিও ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

ত্বকের যত্নে পেঁপের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশেষ এনজাইম প্যাপেইন। বিশেষ করে কাঁচা পেঁপের খোসায় এই উপাদান বেশি পাওয়া যায়।
প্যাপেইন মৃত কোষ দূর করতে সাহায্য করে, ফলে ত্বক দেখতে আরও উজ্জ্বল ও মসৃণ লাগে। অনেক আধুনিক এক্সফোলিয়েটিং স্কিনকেয়ার পণ্যের অনুপ্রেরণাও এসেছে এই প্রাকৃতিক এনজাইম থেকে।

প্রাকৃতিক উপাদান মানেই যে সবার জন্য সমানভাবে নিরাপদ, এমন নয়। ফলের খোসায় ধুলো, ময়লা বা কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে। তাই ব্যবহারের আগে সেগুলো ভালোভাবে পরিষ্কার করা জরুরি।
যাদের ত্বক সংবেদনশীল, অ্যালার্জিপ্রবণ বা একজিমার মতো সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সৌন্দর্যচর্চার জগতে নতুনত্বের খোঁজে আমরা প্রায়ই দূরের সমাধান খুঁজি। অথচ কখনো কখনো উত্তরটা লুকিয়ে থাকে আমাদের রান্নাঘরেই। প্রতিদিনের ফলের খোসা হয়তো অলৌকিক কোনো পরিবর্তন এনে দেবে না, কিন্তু সচেতন ও সঠিক ব্যবহারে এগুলো হতে পারে ত্বকের যত্নে একটি ছোট, প্রাকৃতিক এবং টেকসই সংযোজন।
তাই পরেরবার কমলা, ডালিম কিংবা পেঁপের খোসা ফেলে দেওয়ার আগে একবার ভেবে দেখতে পারেন। সৌন্দর্যের গোপন উপাদানটি হয়তো সেখানেই লুকিয়ে আছে।
সূত্র: স্কিনকেয়ারডটকম
ছবি: এআই