ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট রোসানো ফেরিত্তি–এর মতে, অনেকেই প্রতিদিন চুল ধুলেও আসলে সঠিক পদ্ধতিতে শ্যাম্পু করেন না। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে, স্ক্যাল্পে জমতে পারে তেল ও ময়লা। আর এ কারণেই তার স্পা-গুলোর অন্যতম জনপ্রিয় পদ্ধতি হলো বিশেষ এক হেয়ার ওয়াশিং টেকনিক, যাকে বলা হয় “৫ কার্ডিনাল পয়েন্ট” পদ্ধতি।

শ্যাম্পু করার ইতালিয়ান ৫ ধাপের কৌশল

এই পদ্ধতির মূল লক্ষ্য হলো স্ক্যাল্পকে ভালোভাবে পরিষ্কার করা এবং চুলের গোড়ায় সঠিকভাবে যত্ন পৌঁছে দেওয়া। এর জন্য শ্যাম্পু লাগাতে হবে মাথার পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায়—

প্রথমে কপালের চুলের রেখা বা হেয়ারলাইন, এরপর মাথার ওপরের অংশ বা ক্রাউন, তারপর ডান পাশ, বাম পাশ এবং সবশেষে ঘাড়ের কাছের অংশ।

এই পাঁচ জায়গায় সমানভাবে শ্যাম্পু ছড়িয়ে দিলে পুরো স্ক্যাল্পে পরিষ্কারভাবে কাজ করে। ফলে শুধু চুল নয়, চুলের গোড়াও পায় প্রয়োজনীয় যত্ন।

নখ নয়, আঙুলের ডগায় ম্যাসাজ

শ্যাম্পু করার সময় অনেকেই বেশি ঘষাঘষি করেন। কিন্তু ইতালিয়ান এই পদ্ধতিতে বলা হয়, স্ক্যাল্পে চাপ দিয়ে ঘষা নয়, বরং আঙুলের ডগা দিয়ে হালকা গোলাকারভাবে ম্যাসাজ করতে হবে।

এতে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, ত্বকে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে এবং চুল ধোয়ার সাধারণ অভ্যাসটি পরিণত হয় এক ধরনের রিল্যাক্সিং বিউটি রিচুয়ালে।
বিশেষজ্ঞদের মতে, নখ দিয়ে স্ক্যাল্প ঘষলে ত্বকে অস্বস্তি তৈরি হতে পারে। তাই আঙুলের ডগার কোমল স্পর্শই সবচেয়ে কার্যকর।

বিজ্ঞাপন

একবার নয়, দুইবার শ্যাম্পু কেন?

এই পদ্ধতিতে সাধারণভাবে দুইবার শ্যাম্পু করার পরামর্শ দেওয়া হয়। প্রথমবারের শ্যাম্পুর কাজ হলো চুলের অতিরিক্ত তেল, ধুলো ও জমে থাকা ময়লা দূর করা। দ্বিতীয়বার শ্যাম্পু করলে স্ক্যাল্প আরও গভীরভাবে পরিষ্কার হয়।

প্রথমবার শ্যাম্পুর পরিমাণ হতে পারে একটি আখরোটের মতো, আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে তুলনামূলক কম, প্রায় একটি বাদামের সমান।

চুল ধোয়ার সময়টুকুকেও দিন গুরুত্ব

ব্যস্ত জীবনে অনেকেই দ্রুত চুল ধুয়ে বেরিয়ে যান। কিন্তু ইতালিয়ান হেয়ার কেয়ার দর্শন বলছে, চুল ধোয়া শুধু পরিচ্ছন্নতার অংশ নয়, এটি চুলের যত্নের প্রথম ধাপ।

শ্যাম্পু ভালোভাবে লাগানো, কয়েক মিনিট সময় দেওয়া এবং শেষে পর্যাপ্ত পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলা। এই ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে চুলকে রাখতে পারে সতেজ ও প্রাণবন্ত।

সুন্দর চুলের জন্য হয়তো সবসময় নতুন কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। কখনও কখনও সঠিক পদ্ধতিতে চুল ধোয়ার মতো ছোট একটি পরিবর্তনই এনে দিতে পারে বড় পার্থক্য।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯: ৫৮
বিজ্ঞাপন