
চুলে হঠাৎ কয়েকটি সাদা গোছা দেখা দিলে অনেকেই অবাক হয়ে যান। বয়স তো খুব একটা হয়নি, তাহলে কেন এত তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে? প্রকৃতির নিয়মে একসময় চুল সাদা হবে, কিন্তু অনেক সময় জেনেটিক কারণ, মানসিক চাপ বা শরীরে ভিটামিনের ঘাটতির কারণে তা ঘটে অকালেই।

চুলের রং নির্ভর করে মেলানিন নামের এক বিশেষ রঞ্জক পদার্থের ওপর। শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিন ও খনিজের অভাব হলে এই মেলানিনের উৎপাদন কমে যায়, ফলে দেখা দেয় অকাল পাকা চুলের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে এই প্রক্রিয়াকে ধীর করা সম্ভব।
নিচে দেওয়া হলো এমন পাঁচটি খাবার, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করতে পারে।

উদাহরণ: ঝিনুক, আলু, মাশরুম
কপার বা তামা মেলানিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে কপারের পরিমাণ কমে গেলে চুলের রং ফিকে হয়ে যেতে পারে। আলু ও মাশরুমে রয়েছে ভালো পরিমাণে কপার, আর ঝিনুক বা গরুর কলিজায় পাওয়া যায় এর ঘন উৎস। নিয়মিত এসব খাবার খেলে তামার ঘাটতি অনেকটাই পূরণ হয়।

উদাহরণ: লাল মাংস, মুরগি, ডাল, পালং শাক
আয়রন শরীরে রক্ত ও অক্সিজেন পরিবহনে সাহায্য করে, যা চুলের কোষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আয়রনের অভাবে চুল হয়ে পড়ে নিস্তেজ ও ধূসর। পালং শাক, ডাল ও ছোলার মতো উদ্ভিজ্জ খাবার, আর লাল মাংসের মতো প্রাণিজ উৎস দুইই আয়রনের চমৎকার উৎস।

উদাহরণ: স্যামন, ইশিল, দুধ, কমলার রস
ভিটামিন ডি শুধু হাড় নয়, চুলের বৃদ্ধির ক্ষেত্রেও অপরিহার্য। গবেষণা বলছে, ভিটামিন ডির ঘাটতি চুল পড়া ও অকাল পাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। স্যামন, সার্ডিন বা ইলিশ মাছ, দুধ এবং কমলার রস এই প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে সহায়ক।
উদাহরণ: মুরগির কলিজা, ইলিশ
ভিটামিন বি১২ চুলের রং ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবং মেলানিন উৎপাদন প্রক্রিয়াকে সক্রিয় রাখে। এর অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে যায় ও রং হারায়। মুরগির কলিজা ও ইলিশ এই দুই খাবার থেকেই সহজে পাওয়া যায় প্রয়োজনীয় বি১২।

উদাহরণ: পালং শাক, কালাই বা ব্ল্যাক-আই পিস
ফলেট বা ভিটামিন বি৯ শরীরের কোষ বিভাজন ও রক্ত তৈরিতে সহায়তা করে। এর ঘাটতি হলে চুলের গঠন ও রং দুটোই বদলে যেতে পারে। রান্না করা পালং শাক বা কালাই নিয়মিত খেলে ফলেটের ঘাটতি দূর হয় এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে।
বিশেষজ্ঞদের মতে, শুধু খাবার নয়, জীবনযাপনও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি ও নিয়মিত পুষ্টিকর খাদ্যাভ্যাস এই তিনের সমন্বয়ই পারে চুলে প্রাকৃতিক দীপ্তি ফিরিয়ে আনতে।
অকাল পাকা চুল হয়তো একদিন আসবেই, কিন্তু যত দিন সম্ভব নিজের চুলের রং ও প্রাণ ধরে রাখা—এই যত্নই তো আসল সৌন্দর্য।
সূত্র: ভোগ ইন্ডিয়া
ছবি: এআই দিয়ে তৈরি