
ত্বকের সমস্যার জগতে রোসেশিয়া এক অদ্ভুত চরিত্র। বাইরে থেকে সহজ মনে হলেও, ভেতরে ভেতরে এটি জটিল এবং দীর্ঘমেয়াদি এক প্রদাহজনিত অবস্থা। বিশেষ করে বাদামি ত্বকে, এটি প্রায়ই নিজের আসল রূপ আড়াল করে রাখে।
আমরা সাধারণত রোসেশিয়াকে কল্পনা করি গালভর্তি লালচে ভাব, ফ্লাশিং বা স্পষ্ট রক্তনালীর উপস্থিতি দিয়ে। কিন্তু মেলানিনসমৃদ্ধ ত্বকে সেই দৃশ্যমান লালচে ভাব অনেক সময় চোখে পড়ে না। পরিবর্তে থাকে হালকা জ্বালা, ত্বকের উষ্ণতা, স্পর্শে সংবেদনশীলতা বা এমন ব্রণজাতীয় ফুসকুড়ি—যা কখনোই পুরোপুরি ‘অ্যাকনে’ মনে হয় না।

এই ভুল বোঝাবুঝির ফলেই সমস্যার শুরু। অনেকেই এটিকে ‘সেন্সিটিভ স্কিন’ বা সাধারণ ব্রণ ভেবে শক্তিশালী অ্যাকনে প্রোডাক্ট, এক্সফোলিয়েটিং অ্যাসিড বা ফোমিং ক্লিনজার ব্যবহার করতে থাকেন। এতে উপকারের বদলে ত্বকের প্রদাহ আরও বেড়ে যায়।

বাদামি ত্বকে রোসেশিয়ার লক্ষণগুলো সূক্ষ্ম। হালকা লালচে ভাবের বদলে ত্বকে বেগুনি বা গাঢ় রঙের আভা দেখা দিতে পারে। সঙ্গে থাকতে পারে:
* ত্বকে জ্বালাপোড়া বা গরম অনুভূতি
* স্পর্শে সংবেদনশীলতা
* ছোট ছোট ফুসকুড়ি বা পুঁজযুক্ত ব্রণ
* চোখে জ্বালা বা অস্বস্তি
এই লক্ষণগুলো প্রায়ই অ্যাকনে বা অন্য ত্বকের সমস্যার সঙ্গে মিশে যায়, ফলে সঠিক রোগ নির্ণয়ে দেরি হয়।

রোসেশিয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা জিনগত প্রবণতার। তবে এটি সক্রিয় হয় আমাদের প্রতিদিনের অভ্যাস ও পরিবেশগত কারণে। যেমন:
* অতিরিক্ত গরম বা রোদ
* অতিবেগুনি রশ্মি
* ঝাল খাবার
* অ্যালকোহল
* মানসিক চাপ
* বেশি পরিশ্রম বা ব্যায়াম
* ত্বকে ক্ষারীয় বা অতিরিক্ত স্কিনকেয়ার পণ্যের ব্যবহার
রোসেশিয়ায় আক্রান্ত ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল থাকে, ফলে সাধারণ বিষয়েও সহজে প্রদাহ সৃষ্টি হয়।
অনেকেই ভাবেন, ত্বক খসখসে বা ব্রণ হলে সেটিকে ‘ক্লিয়ার’ করতে হবে। তাই একের পর এক শক্তিশালী প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু রোসেশিয়ার ক্ষেত্রে এই পদ্ধতি বিপরীত ফল দেয়। ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে এবং সমস্যা গভীর হয়।

রোসেশিয়া নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে জটিল স্কিনকেয়ার রুটিন নয়, বরং সরলতা সবচেয়ে কার্যকর। সাধারণত চিকিৎসকরা পরামর্শ দেন:
* মৃদু ক্লিনজার
* হালকা, সাদামাটা ময়েশ্চারাইজার
* প্রতিদিন সানস্ক্রিন
এর সঙ্গে প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় কিছু টপিক্যাল ওষুধ, যেমন:
* আজেলাইক অ্যাসিড
* মেট্রোনিডাজল
* আইভারমেকটিন
এর মধ্যে আজেলাইক অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে প্রদাহ কমায়, অন্যদিকে পরবর্তী দাগ বা পিগমেন্টেশন নিয়ন্ত্রণেও সাহায্য করে। যা বাদামি ত্বকে জন্য একটু বেশি উদ্বেগজনক।

কিছু ক্ষেত্রে লেজার থেরাপি ব্যবহার করা হয়, যা ত্বকের রং–এর পরিবর্তন কমাতে সাহায্য করে। তবে মেলানিনসমৃদ্ধ ত্বকে এই ধরনের চিকিৎসা খুব সতর্কতার সঙ্গে, অভিজ্ঞ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করা জরুরি। কারণ এতে পিগমেন্টেশন বাড়ার ঝুঁকি থাকে।
রোসেশিয়া সামলানোর প্রথম ধাপ হলো নিজের ত্বকের আচরণ বোঝা। কোন খাবার, আবহাওয়া বা প্রোডাক্টে সমস্যা বাড়ে—সেগুলো খেয়াল রাখা জরুরি। প্রয়োজনে একটি ‘স্কিন ডায়েরি’ রাখা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ত্বককে ‘অতিরিক্ত ঠিক’ করার চেষ্টা না করে তাকে শান্ত রাখা। কারণ রোসেশিয়ার ক্ষেত্রে যত কম উত্তেজনা, তত বেশি স্বস্তি।
বাদামি ত্বকে রোসেশিয়া শুধু একটি ত্বকের সমস্যা নয়, অনেক ক্ষেত্রে এটি ভুল বোঝাবুঝির ফল। যত দ্রুত এটি সঠিকভাবে চেনা যাবে, তত সহজ হবে এর যত্ন নেওয়া।
সূত্র: ভোগ ইন্ডিয়া
ছবি: এআই