
শীত এলেই আমাদের মাথার ত্বকে আর্দ্রতার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। বাইরে ঠান্ডা হাওয়া আর ভেতরে রুম হিটারের উষ্ণতা, এই দুইয়ের টানাপোড়েনে আমাদের স্ক্যাল্প হয়ে ওঠে শুষ্ক, খসখসে ও রুক্ষ। ঠিক এই সময়টাতেই খুশকি সবচেয়ে বেশি দেখা দেয়। ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে চুলকানি বাড়ে, সাদা খুশকির স্তর ঘন হয়ে যায় এবং সাধারণ কাজেও অস্বস্তি অনুভূত হয়। শীতের খুশকির আরেকটি কারণ হলো স্ক্যাল্পে রক্তসঞ্চালন কমে যাওয়া, যার ফলে ত্বক তার স্বাভাবিক তেল উৎপাদনের ক্ষমতা হারায়। অনেকেই শীতে গরম পানি দিয়ে মাথা পরিষ্কার করে, যার ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে এবং খুশকি আরও বাড়ায়। তবে সুসংবাদ হলো, জটিল পণ্য বা ব্যয়বহুল ট্রিটমেন্ট ছাড়াই ঘরোয়া কিছু নিরাপদ ও কার্যকর উপায় অনুসরণ করলেই এই সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

শীতে আমাদের মাথার ত্বক ও স্ক্যাল্পে ছত্রাকজনিত সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। টি-ট্রি অয়েলের অ্যান্টি-ফাঙ্গাল শক্তি সেই সংক্রমণই কমায়। ৫-১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল আপনার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এটি সরাসরি ব্যবহার করা উচিত না। অবশ্যই এটিকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করাতে হবে।

ঠান্ডা আবহাওয়ায় স্ক্যাল্পের পিএইচ-ভারসাম্য নষ্ট হলে খুশকি আরও বেড়ে যায়। অ্যাপল সাইডার ভিনেগার সেই ভারসাম্য ফিরিয়ে এনে ইস্ট জাতীয় জীবাণুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। চুলে শ্যাম্পু ব্যবহারের পর সমপরিমাণ অ্যাপল সাইডার ভিনেগার ও পানি মিশিয়ে মাথার ত্বকে ঢেলে দুই-তিন মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

শীতে স্ক্যাল্পে জমে থাকা মৃত কোষই অনেক সময় খুশকিকে আরও বাড়িয়ে তোলে। অ্যাসপিরিনে থাকা স্যালিসাইলিক অ্যাসিড সেই মৃত কোষ ভেঙে খুশকি কমাতে সাহায্য করে। দুটি ট্যাবলেট গুঁড়া করে সামান্য শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ১-২ মিনিট রেখে চুল ধুয়ে নিন।

তীব্র ঠান্ডায় স্ক্যাল্পে তেল জমে ছত্রাকের বৃদ্ধি হতে পারে। বেকিং সোডা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে লাগিয়ে এই তেল ও খুশকির স্তরে আলতোভাবে সরিয়ে দেয়। ভেজা চুলে এক মুঠো বেকিং সোডা ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন, এরপর শ্যাম্পু ব্যবহার করুন।
এছাড়াও শীতের খুশকি দূর করতে শুধু বাহ্যিক যত্নই নয়, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যগ্রহণ এবং খুব গরম পানি দিয়ে মাথা না ধোয়ার অভ্যাসও গুরুত্বপূর্ণ। এই যত্নটুকু নিয়মিত নিলে শীতেও আপনার মাথার ত্বক থাকবে সুস্থ, আর চুল থাকবে ঝরঝরে ফ্লেক-মুক্ত।
তথ্যসূত্র: বি বিউটিফুল