
বর্তমান সময়ে নিজেকে সুরভিত রাখার জন্য রয়েছে বিভিন্ন উপায়। সুগন্ধির ব্র্যান্ডগুলো প্রতিনিয়ত বের করছে নিত্যনতুন পারফিউম। অনেকেই নিজেকে অভিজাত দেখাতেও বেছে নেন পৃথিবীর নামীদামি সব ব্র্যান্ডের পারফিউম। তবে অনেকেই আছেন, যাঁরা স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতন। তাঁরা এই অ্যালকোহলভিত্তিক সুগন্ধিগুলো এড়িয়ে চলছেন এবং প্রাকৃতিকভাবেই নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করছেন।আপনি যদি এই চিন্তাধারায় বিশ্বাসী হয়ে থাকেন, তবে খুব সহজেই বেছে নিতে পারেন প্রাকৃতিক বেশ কিছু উপায়; যা আপনাকে সুরভিত রাখছে, পাশাপাশি বাজারের ব্যয়বহুল সুগন্ধি কেনা থেকেও বিরত রাখছে।
১. খাবারের দিকে খেয়াল রাখুন এবং পর্যাপ্ত পানি পান করুন
খাদ্য মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যা খাচ্ছেন, আপনার সবকিছুর ওপরই তা প্রভাব ফেলে। অতিরিক্ত মাংসজাতীয় খাবার প্রতিদিন খেলে শরীরে প্রচুর ঘাম হয়; যা থেকে সৃষ্টি হতে পারে দুর্গন্ধ। খাবারের তালিকায় সহজপাচ্য খাদ্য, যেমন শাকসবজি, ফলমূল রাখার চেষ্টা করুন। এ ছাড়া আপনার শরীরকে সুস্থ ও দুর্গন্ধমুক্ত রাখতে হাইড্রেটেড থাকা প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান প্রয়োজন। ফলে আপনার শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যেতে পারে। আর শরীর থাকবে সতেজ ও সুরভিত।


২. কী পরছেন, সেটা খেয়াল রাখতে হবে
শরীর সুরভিত রাখতে পলিয়েস্টার ও রেয়নের মতো কাপড় এড়িয়ে চলাই উত্তম। এসব কাপড় শরীরের তাপকে বের হতে দেয় না। তাই শরীরে তৈরি হতে থাকে ঘাম ও অস্বস্তিকর গন্ধ। তাই চেষ্টা করুন সুতি বা লিনেনের মতো প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি কাপড় বেছে নিতে। এসব কাপড় পরলে শরীর থেকে সহজেই তাপ বের হয়ে যেতে পারে। ফলে অতিরিক্ত ঘাম হয় না এবং শরীর থাকে সতেজ ও সুরভিত।
৩. বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন কমলার খোসা
কমলার খোসায় ভিটামিন সির পাশাপাশি রয়েছে মিষ্টি ঘ্রাণ। তাই এগুলো ফেলে দেবেন না। কমলার খোসা দিয়ে গোসলের সময় আপনার বডি স্ক্রাব করে নিন। এটি আপনার ত্বককে সুন্দর রাখার পাশাপাশি শরীরের এনে দেবে সুঘ্রাণ। আপনার শরীর থেকে বের হবে সাইট্রাসের মিষ্টি সৌরভ।



৪.শ্যাম্পু করার সময় বাড়তি ঘ্রাণ পেতে যোগ করতে পারেন বিভিন্ন ভেষজ উপাদান
সুগন্ধ ছড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো চুল। কারণ, চুলের তন্তুগুলো ঘ্রাণ শোষণ ও ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ভেষজ ফুল বা ফলের খোসা শ্যাম্পু করার সময় ব্যবহার করতে পারেন। যেহেতু এগুলো প্রাকৃতিক, তাই চুলের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না বললেই চলে। কমলার খোসা, হোয়াইট টি, ল্যাভেন্ডার, লেবু এসব ভেষজ উপাদান নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

৫. জুতায় দেবদারু কাঠের টুকরা রাখুন
অনেক সময় দেখা যায়, আমাদের জুতা থেকে ছড়ায় অস্বস্তিকর গন্ধ; যা শরীরের সুগন্ধকে নিমেষেই নষ্ট করে দিতে পারে। তাই যে জুতা ব্যবহার করবেন, রাতেই তাতে দেবদারু কাঠের দুটি ছোট টুকরা রাখুন। এগুলো জুতার গন্ধ শুষে নিয়ে জুতা আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে জুতা থেকে দুর্গন্ধ বের হওয়ার কোনো আশঙ্কা থাকে না।
সূত্র: অ্যালিউর
ছবি: পেকজেলস ডট কম