সকাল ও রাতে এভাবে আলাদা রুটিন না মানলে কোনোই সুফল মিলবে না স্কিনকেয়ারে
শেয়ার করুন
ফলো করুন

সকালের স্কিনকেয়ার মূলত ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করার জন্য। আর রাতের স্কিনকেয়ার ত্বকের মেরামত ও পুষ্টি জোগানোর জন্য। দিনে ত্বককে প্রস্তুত করতে হয় সূর্যালোক, ইউভি রশ্মি, ধুলোবালি, দূষণ এবং মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই সকালে ব্যবহার হয় অ্যান্টিঅক্সিডেন্ট, টোনার, সানস্ক্রিন ইত্যাদি।
অন্যদিকে, রাতের যত্নের উদ্দ্যেশ্য বার্ধক্য রোধ, কোষ পুনর্গঠন ও সারাদিনের ক্ষতি সারানো। তাই প্রয়োজন হয় ভিন্ন ধরনের যত্ন।

রাতের স্কিনকেয়ার রুটিন কেমন হতে পারে

১. ডাবল ক্লিনজিং

ওয়েল বেজ ক্লিনজার বা মাইসেলার ওয়াটার: প্রথম ধাপে ত্বকের রন্ধ্রে জমে থাকা মেকআপ, সানস্ক্রিন, তেল ও ময়লা দূর করতে তেল ভিত্তিক ক্লিনজার বা মাইসেলার ওয়াটার ব্যবহার করুন।

ওয়াটার বেজ জেন্টল ক্লিনজার: এরপর একটি মৃদু ওয়াটার বেজ ক্লিনজার দিয়ে ধুলো, ঘাম ও অবশিষ্ট ময়লা পরিষ্কার করুন, তবে ত্বকের প্রাকৃতিক তেল যেন নষ্ট না হয়।

২. সিরাম

রাতের সিরামে থাকতে পারে রেটিনল (ভিটামিন এ)। যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, বার্ধক্য রোধ, পোরস ছোট করা ও বলিরেখা কমাতে সাহায্য করে।

৩. ময়েশ্চারাইজার

রাতে ব্যবহার করুন কোলাজেন ও পেপটাইডসমৃদ্ধ ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার। কোলাজেনের অণু ছোট হলে তা সহজে রোমকূপে প্রবেশ করে ত্বককে গভীরভাবে আর্দ্রতা দেয়।

৪. দাগ-ছোপ ও ব্রণ নিরাময়

যাদের ব্রণ আছে, তারা ময়েশ্চারাইজারের পর অ্যান্টি-অ্যাকনে অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন। ব্রণ প্রবণ ত্বকের জন্য রাতে স্যালিসিলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, বেঞ্জয়েল পারঅক্সাইডও কার্যকর হতে পারে।

বিজ্ঞাপন

ত্বকের ধরন অনুযায়ী পরিবর্তন

বার্ধক্যজনিত ত্বক: কোলাজেন, হায়ালুরোনিক অ্যাসিড ও রেটিনল অন্তর্ভুক্ত করুন।

শুষ্ক ত্বক: পেপটাইড ও সিরামাইডসমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বক: হালকা ও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নিন।

গুয়াশা ব্যবহার

গুয়াশা একটি সহজ ম্যাসাজ টুল, যা লিম্ফ্যাটিক ড্রেনেজ, জলীয় ফোলাভাব কমানো, ত্বক টানটান করা ও মুখের কনট্যুর উন্নত করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার বার্ধক্য প্রতিরোধেও কার্যকর।

সকালের যত্ন ত্বককে সুরক্ষা দেয়, আর রাতের যত্ন ত্বককে সারিয়ে তোলে। তাই একই রুটিন দিনে-রাতে না মেনে, আলাদা করে ত্বকের চাহিদা অনুযায়ী রুটিন তৈরি করাই হবে সঠিক স্কিনকেয়ারের মূলমন্ত্র।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৬: ১৪
বিজ্ঞাপন