শীতের শুরুতেই ত্বক বুড়িয়ে যাচ্ছে, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতিতে শীত আসছে তার নিজস্ব নিয়মে। কিন্তু এই মৌসুমে অনেকের ত্বক খুব সহজেই শুষ্ক, রুক্ষ আর সংবেদনশীল হয়ে পড়ে। সকালের রূপ রুটিনের কিছু ভুল ত্বককে আরও দুর্বল করে দেয়, ফলে দেখা দেয় আগাম বয়সের ছাপ। এ জন্য ছোট কিন্তু জরুরি ৮টি অভ্যাস, যেগুলো বদলাতে পারলেই শীতেও ত্বক থাকবে নরম, সুরক্ষিত আর তারুণ্যময়।

১. গরম পানি দিয়ে মুখ ধোয়া

শীতের সকালে গরম পানি যেন আরামের প্রতীক। কিন্তু এই উষ্ণতা ত্বক থেকে প্রাকৃতিক তেল ও লিপিড ধুয়ে ফেলে, বাড়ায় শুষ্কতা। ত্বকের টান ধরা, রুক্ষতা আর সূক্ষ্ম রেখা পড়ার শুরু এখান থেকেই। মুখ ধোয়ার জন্য ব্যবহার করুন কুসুম গরম পানি।

২. সকালে ময়েশ্চারাইজার বাদ দেওয়া

রাতে ঘুমের মধ্যে ত্বক আর্দ্রতা হারায়। তাই সকালেই ময়েশ্চারাইজার লাগানো অপরিহার্য। সিরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, পেপটাইড—এই ধরনের উপাদানযুক্ত ক্রিম শীতে ত্বকের সুরক্ষা দেয়। মুখ ধোয়ার ১ মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগালে তা আরও ভালোভাবে ত্বকে আটকায়।

৩. ভিটামিন সি লাগিয়ে রেখে দেওয়া

সমসাময়িক ভিটামিন সি সিরাম আরও কার্যকর হলেও শীতে এটি ত্বককে শুকনো করতে পারে। তাই আগে হাইড্রেটিং সিরাম, তারপর ভিটামিন সি এবং অবশ্যই ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগানো দরকার। এতে ত্বক উজ্জ্বল ও সুরক্ষিত থাকে।

বিজ্ঞাপন

৪. শক্তিশালী বা বেশি ফোম ওঠে এমন ক্লেনজার ব্যবহার

‘স্কুইকি ক্লিন’ ত্বক আসলে আগাম ক্ষতির ইঙ্গিত। সালফেট-সমৃদ্ধ ক্লেনজার ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে দিয়ে শুষ্কতা ও নিস্তেজ ভাব বাড়ায়। শীতে বেছে নিন কোমল, পিএইচ-ব্যালান্সড ক্লেনজার।

৫. পানি না খেয়ে চা-কফি দিয়ে দিন শুরু করা

সকালে ঘুম থেকে উঠেই কফি বা মিল্ক-টি খাওয়ার অভ্যাস অনেকেরই। কিন্তু পানির আগেই ক্যাফেইন গ্রহণ শরীরকে ডিহাইড্রেট করে, ফল ত্বকে জৌলুশ কমে যায়। তাই চা-কফির আগে এক গ্লাস পানি পান করা জরুরি। শীতের স্কিনকেয়ারে এই ছোট বদলটিই অনেক বড় উপকার আনতে পারে।

৬. ঠান্ডা বলে সানস্ক্রিন বাদ দেওয়া

শীতে রোদ কম, আলো নরম—তবুও ইউভি রশ্মি সারা বছরই সমান থাকে এবং এটাই ত্বকে বয়সের ছাপ তৈরি করে। তাই প্রতিদিন সকালে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। বাইরে না গেলেও ঘরের আলো ও স্ক্রিনের সামনে থাকলে সানস্ক্রিন ব্যবহার জরুরি।

৭. শুষ্ক ত্বকে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার

শীতে রেটিনয়েড বা এক্সফোলিয়েটিং অ্যাসিড ত্বকে আরও জ্বালা তৈরি করতে পারে। শুকনো ত্বকে এগুলো লাগালে মাইক্রো-ইনফ্ল্যামেশন তৈরি হয়, যা আগাম বার্ধক্যের অন্যতম কারণ। ব্যবহার করতে হলে প্রথমে হাইড্রেটিং বেস লাগিয়ে নিন।

বিজ্ঞাপন

৮. মেকআপের এসপিএফ-এর ওপর ভরসা করা

টিন্টেড ময়েশ্চারাইজার বা ফাউন্ডেশনের এসপিএফ কখনোই যথেষ্ট সুরক্ষা দেয় না। শীতে সূর্যের তীব্রতা কম হলেও ত্বকের ক্ষতি হয় সমানভাবে। তাই সকালে অবশ্যই আলাদা সানস্ক্রিন লাগান—তারপর মেকআপ।

শীতকালে স্কিনকেয়ার মানে অনেকগুলো বাড়তি ধাপ যোগ করা নয়, বরং সঠিক পণ্য ঠিকভাবে ব্যবহার করা। সকালের এই ছোট্ট পরিবর্তনগুলোই ত্বকের ইলাস্টিসিটি রক্ষা করবে, কমাবে আগাম বয়সের ছাপ, আর রাখবে আপনার মুখজুড়ে শীতের মোলায়েম দীপ্তি।

সূত্র: স্কিন কেয়ার ডটকম

ছবি: এআই

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯: ৪৬
বিজ্ঞাপন