শীতের আগে মাত্র ৩ ধাপে ছেলেদের ত্বকের যত্ন
শেয়ার করুন
ফলো করুন

ত্বকের চর্চায় পুরুষেরা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সচেতন। তবে সময়ের অভাবে বা আলসেমি করে অনেকেই ঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারেন না। ফলে ত্বকে দেখা দেয় নানা সমস্যা। শীত আসার আগে হেমন্তের এ সময়ে নারীদের মতো পুরুষদের ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। এ থেকে সমাধান পেতে হলে অবশ্যই নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। আর সহজ তিনটি ধাপে ছেলেদের ত্বকের যত্ন নেওয়া যায়। এ জন্য খুব বেশি সময়ও ব্যয় হয় না।

প্রতিদিন দুবার

সকালে ঘুম থেকে উঠে ও বাইরে থেকে ঘরে ফিরেই একটি ভালো মানের ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। এটি খুব সহজে মুখের ত্বকের ঘাম, তেল, ধুলাবালু ও ময়লা পরিষ্কার করতে পারে। তবে নিজের পছন্দমতো যেকোনো একটা ক্লিনজার মুখে লাগালেই হবে না, ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার ব্যবহার করতে হবে। যেমন শুষ্ক ত্বকে পেট্রোলাটাম, মিনারেল অয়েল, ল্যানোলিন, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা উচিত। আবার তৈলাক্ত বা ব্রণের সমস্যা আছে এমন ত্বকের জন্য স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, বেনজোয়েল পারঅক্সাইড, টি ট্রি অয়েল, নায়াসিনামাইডযুক্ত ক্লিনজার সবচেয়ে ভালো।

বিজ্ঞাপন

ময়েশ্চারাইজারে আর্দ্র ত্বক

হেমন্তের এ সময়ে ত্বকে বেশ টান পড়ে। অর্থাৎ বাতাসে আর্দ্রতা কমার ফলে ত্বক শুষ্ক হতে থাকে। তাই এ সময়ে ময়েশ্চারাইজার বা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করতেই হবে। শুষ্ক ত্বকের জন্য ক্রিমবেজড ও তৈলাক্ত ত্বকের জন্য জেলবেজড ময়েশ্চারাইজার উত্তম। ত্বকের ধরন যেমনই হোক না কেন পেপটাইডস, সেরামাইডস, হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। কারণ, এই উপাদানগুলো শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অনেক বেশি সহায়ক।

সানস্ক্রিনের নেই কোনো বিকল্প

প্রতিদিন ত্বকে আর কিছু ব্যবহার করুন আর না করুন, সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। কারণ, ত্বকের সবচেয়ে বড় শত্রু সূর্যের অতিবেগুনি বা ইউভি রশ্মি। এ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। আমাদের দেশের বেশির ভাগ ছেলেই সানস্ক্রিন ব্যবহারে বেশ উদাসীন। এটি ব্যবহার না করলে কিন্তু ত্বক কোনোভাবেই সুস্থ থাকবে না। মনে রাখতে হবে যে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বুড়িয়ে যাওয়া ও ক্যানসারের জন্য দায়ী। তাই সব ঋতুতেই সানস্ক্রিন ব্যবহারে বিশেষভাবে মনোনিবেশ করতে হবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১১: ১৪
বিজ্ঞাপন